দিল্লিতে ফের চলন্ত গাড়িতে গণধর্ষণ
প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ১ আগস্ট ২০১৫ শনিবার | আপডেট: ০৭:০৪ পিএম, ১ আগস্ট ২০১৫ শনিবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : দিল্লিতে ফের চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হয়েছে তিরিশ বছর বয়সী এক নারী।
শুক্রবার রাত সাড়ে ১০টায় রাস্তায় দাঁড়িয়ে থাকা সে নারীকে গাড়িতে তুলে চলন্ত গাড়িতেই তাঁকে শ্লীলতাহানি করে রাস্তায় ছুড়ে ফেলে দিয়ে গেল তিন দুষ্কৃতী। দিল্লির হরিনগর এলাকায় একটি অটো-রিকশার জন্য অপেক্ষা করছিলেন তিনি। তখনই একটি গাড়ি তাঁর সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে তিনজন নেমে এসে, তাঁকে জোর করে গাড়িতে তুলে নেয়। এরপর প্রায় এক ঘণ্টা ধরে চলন্ত গাড়িতেই তাঁকে তিনজন মিলে নিগ্রহ করে, বিন্দাপুর এলাকায় ছুড়ে ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন ওই যুবতী।
ডিসিপি পুস্পেন্দ্র কুমার শনিবার জানিয়েছেন, মেয়েটির অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত তিনজনকে আটক করে জেরা করা হচ্ছে। যদিও ওই মহিলার অভিযোগ আদৌ সঠিক কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
ওই মহিলা যাঁদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তাঁদের মধ্যে একজন একটি নির্মীয়মান বহুতলের মালিক। কয়েক সপ্তাহ আগে ওই বহুতল তৈরির কাজ তিনি বন্ধ করে দিয়েছিলেন বলে, প্রতিশোধ নিতেই তাঁকে নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। যদিও, অভিযুক্ত তিন ব্যক্তি পাল্টা অভিযোগ এনেছে ওই মহিলার বিরুদ্ধে। কোনও ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য ওই মহিলা তাঁদের ফাঁদে ফেলতে চাইছে বলে অভিযোগ তাঁদের।

