বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:১০ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। শনিবার ভোর থেকেই সব শ্রেণি-পেশার মানুষেরা একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় জমাতে শুরু করেন রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে।
এদিন ভোর থেকে রায়েরবাজারে আসতে শুরু করেন রাজধানীসহ অন্যান্য এলাকার মানুষেরা। সারিবদ্ধভাবে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করছেন তারা।
এদিকে, রাজধানীসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করছেন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা বেশিরভাগ মানুষের হাতে ফুলের তোড়ার সঙ্গে রয়েছে ছোট ছোট প্ল্যাকার্ড ও ফেস্টুন।
এর আগে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে সকালে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ বুদ্ধীজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনী প্রধান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তানদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্র ও সরকার প্রধানের পর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
এরপর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
-জেডসি
