ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৭:২২:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘নাগরিকত্ব সংশোধনী আইন ভারতকে ছিন্নভিন্ন করবে’

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন দেশটিকে ছিন্নভিন্ন করবে। এ আইনের মধ্যদিয়ে মোদি উত্তর-পূর্ব ভারতে আগুন জ্বালিয়ে দিয়েছেন। পুরো বিশ্ব আমাদের দেখে বলছে, ভারতে এসব কী ঘটছে বলে মন্তব্য করেছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। এ সময় ভারতকে বাঁচাতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।

শনিবার (১ ডিসেম্বর) দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত ‘ভারত বাঁচাও’ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

এ সময় বিজেপি সরকারের সমালোচনা করে সোনিয়া বলেন, এ আইন ভারতের হৃদয় ছিন্নভিন্ন করবে। এতে মোদি-অমিত শাহর কিছু যায় আসে না। আমাদের দেশ ও সমাজে মাঝে মাঝে এমন কিছু সময় আসে, যেখানে কোনো না কোনো দিকে আমাদের সিদ্ধান্ত নিতে হয়।

সোনিয়া গান্ধী ছাড়াও একই মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী ও সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, দেশের চলমান অবিচারের বিরুদ্ধে যারা লড়াই করবে না, তারা ভীতু। ভারত অহিংসা ও ভ্রাতৃত্বের দেশ।

এদিকে বিতর্কিত নাগরিকত্ব আইন বাস্তবায়নে প্রথম রাজ্য হবে পশ্চিমবঙ্গ, এমনটা দাবি করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

যদিও মমতা বন্দোপাধ্যায় তাঁর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেছেন, কোনোভাবেই কেন্দ্রীয় সরকারের এই আইন পশ্চিমবঙ্গ রাজ্যে কার্যকর হতে দেব না। মমতা বলেন, নিশ্চিন্তে থাকুন, বাংলায় নাগরিকত্ব সংশোধনী আইন হচ্ছে না। আসুন আমরা সবাই মিলে নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে জনমত তৈরি করি। কারও সঙ্গে কারও ভেদাভেদ নয়।

এদিকে, এই আইনের বিরুদ্ধে হিংসাত্মক বিক্ষোভ হয়েছে পশ্চিমবঙ্গ আর মেঘালয়ে। শুক্রবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ আর হাওড়াতে ব্যাপক বিক্ষোভের সময়ে বেশ কয়েকটি ট্রেন আর দুটি রেল স্টেশনে ভাঙচুর করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে বাস।

মুর্শিদাবাদের বেলডাঙ্গা আর হাওড়ার উলুবেড়িয়া স্টেশন দুটিতে বিক্ষোভকারীরা ব্যাপক ভাঙচুর চালিয়েছে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে।

উলুবেড়িয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকটি ট্রেনেও পাথর ছোঁড়া হয়। তারপরে দুটি স্টেশনের সামনেই আগুন ধরিয়ে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় ট্রেন লাইন। হাওড়া থেকে খড়্গপুর ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বেশ কিছু দূরপাল্লার ট্রেন আটকিয়ে পড়েছে।

বেলডাঙ্গা স্টেশনেও একই ভাবে ভাঙচুর চলে শুক্রবার। ওই এলাকার কয়েকটি বাস আর গাড়িতেও ভাঙচুর চালানোর পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভ হয় সেখানকার থানার সামনেও। পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির এক রাজ্যস্তরের নেতা আক্রান্ত হয়েছেন।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই বিক্ষোভগুলির খবর পাওয়ার পরেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকের শেষে তিনি আবেদন জানিয়েছেন যাতে মানুষ গণতান্ত্রিক পথে, শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ জানান।

-জেডসি