ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২৩:০৭:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশের কল্যাণে সশস্ত্র বাহিনী প্রস্তুত থাকুন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০১ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের কল্যাণে যে কোনো ত্যাগ স্বীকারে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সততার সাথে দায়িত্ব পালন করতে হবে।  

রবিবার (১৫ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্সের সমাপনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দিয়ে প্রধানমন্ত্রী এই সব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার গৃহীত প্রতিরক্ষা নীতিমালার আলোকে সরকার সশস্ত্র বাহিনী গোল ২০৩০ প্রণয়ন করে সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী ও সময়োপযোগী করার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ ও প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘বিশ্ব ক্রমাগত পরিবর্তন হচ্ছে। সেজন্য পরিবর্তনের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। আমাদের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম থাকতে হবে এবং এসবের জন্য সব ধরনের প্রশিক্ষণ নিতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘সরকার সর্বশেষ সামরিক সরঞ্জাম সংগ্রহ করছে ও সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করছে, যাতে তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহৃত আধুনিক যুদ্ধ সরঞ্জামসমূহের সঙ্গে পরিচিত হতে পারে ও যেকোনো পরিস্থিতিতে ভূমিকা পালন করে অভিজ্ঞতা অর্জন করতে পারে।’

যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনার সময় দেশের জনগণের পাশে দাঁড়িয়ে অবদানের রাখার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি দেশকে আরও উন্নত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে দক্ষ করে গড়ে তুলতে ১৯৯৮ সালে প্রতিষ্ঠা করা হয় ন্যাশনাল ডিফেন্স কলেজ এনডিসি। আন্তর্জাতিক মানের এই প্রতিষ্ঠান থেকে এই বছর দেশের সশস্ত্র বাহিনীর পাশাপাশি যুক্তরাজ্য, চীন, ভারত ও পাকিস্তানসহ ১৬ দেশের ৮৫ জন প্রশিক্ষণার্থী গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। পাশাপাশি আর্মড ফোর্সেস ওয়ার কোর্স শেষ করেছেন ৩৮ জন কর্মকর্তা। প্রতিরক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোর্স সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেন।

দিক-নির্দেশনামূলক বক্তব্যে একটি দক্ষ ও পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকারের নানা উদ্যোগের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী।

-জেডসি