শুল্কমুক্ত শিক্ষার দাবীতে স্টেট ইউনিভার্সিটিতে গণস্বাক্ষর
প্রকাশিত : ০৩:১১ পিএম, ৩ আগস্ট ২০১৫ সোমবার | আপডেট: ০৩:১১ পিএম, ৩ আগস্ট ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শুল্ক আরোপের প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ করছে প্রায় ২২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি মোর্চা।
'নো ভ্যাট অন এডুকেশন', এই শ্লোগান নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে তাদের আন্দোলন।
চলতি অর্থবছরের বাজেটেই সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট বা মূল্য সংযোজন কর আরোপ করে।
আন্দোলনরত শিক্ষার্থীদের একজন সমন্বয়ক ফারুক আহমদ আরিফ বলছেন, 'সাধারণ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে ২ থেকে ৫ হাজার টাকা অতিরিক্ত গুনতে হবে। আর নামী বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের ব্যয় আরও বাড়বে। ফলে প্রায় ৫ থেকে সাড়ে ৫ লাখ উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থী হবে এই ভ্যাটের শিকার'।
আরিফ আরও বলেন, ' দেশের নাগরিক হিসেবে শিক্ষা আমাদের মৌলিক অধিকার হবার কথা থাকলেও সরকার শিক্ষার্থীদের উপরে ব্যয়ের বোঝা চাপিয়ে দিচ্ছে '। তাই আমরা বাধ্য হয়েছি ক্লাসরুম ছেড়ে আন্দলনে নামতে।
তিনি আরও বলেন, আগামী ৬ আগষ্ট সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে থেকে সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির কার্যালয় অভিমুখে পদযাত্র এবং স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচি সফল করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
০৩.০৮.২০১৫
