ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৭:২৪:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নিউজিল্যান্ডে অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ১৬

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নিউজিল্যান্ডের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এখনো ২০ জন আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছেন। দুইজনের মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। দেশটির জনপ্রিয় পর্যটন এলাকা হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরি হঠাৎ জেগে উঠলে অগ্ন্যুৎপাত শুরু হয়। খবর সিএনএন ও বিবিসি।

সোমবার (১৫ ডিসেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডের সুপ্ত আগ্নেয়গিরিটি হঠাৎ জেগে উঠলে অগ্ন্যুৎপাত শুরু হয়। এসময় শতাধিক পর্যটক ওই এলাকায় অবস্থান করছিলেন।

এখনো অনেকেই ওই আইল্যান্ডে আটকা পড়ে আছেন বলে জানা গেছে। এই ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যাচ্ছে না। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেনও জানান, অগ্ন্যুৎপাতের পর দ্বীপটিতে প্রাণের কোনো চিহ্ন অবশিষ্ট নেই। এখন তাদের মনোযোগ ক্ষতি মোকাবিলার দিকে।

নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সমুদ্রের মাঝখানে দ্বীপটির অবস্থান। হোয়াইট আইল্যান্ড আগ্নেয়গিরিটি হোয়াকারি নামেও পরিচিত।


-জেডসি