ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২১:৪১:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৮ এএম, ১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আজ ১৮ ডিসেম্বর বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস। দিবসটি উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতি বছরের মত এবারও ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সম্প্রীতি ও সৌহার্দ্যরে সেতুবন্ধন তৈরির জন্য অভিবাসন এবং সর্বোপরি বিশ্বব্যাপী অভিবাসীর মর্যাদা এবং তার পরিবারের সদস্যদের অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, আমি আশা করি, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য প্রবাসীরা নিজ নিজ অবস্থান হতে জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবেন।

এবারের অভিবাসী দিবসের স্লোগান, ‘সামাজিক মেলবন্ধনের জন্য অভিবাসন’। ১৯৯০ সালের এই দিনে জাতিসংঘে গৃহীত হয়েছিল সকল অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অধিকার রক্ষার আন্তর্জাতিক কনভেনশন।

দিবসটি উদযাপনে বাংলাদেশে এবারের প্রতিপাদ্য ‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ-সম্মান দুই-ই মেলে’।

বাংলাদেশের প্রবাসী আয়ের ক্রমবর্ধমান ধারাকে অব্যাহত রাখতে এবং সুষ্ঠু, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার জন্য সরকার দক্ষতা উন্নয়নের উপর সর্বাধিক গুরুত্ব আরোপের প্রেক্ষিতে দক্ষতাকে এ বছরের প্রতিপাদ্য নির্বাচন করা হয়েছে।

আন্তর্জাতিক দিবস উদযাপনের জন্য আগামী ১৯ ডিসেম্বর দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় অনুষ্ঠেয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠেয় প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রটিং এজেন্সীস (বায়রা) সভাপতি বেনজীর আহমেদ এমপি ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের বাংলাদেশ মিশন প্রধান গর্গিও গিগাউরি। সভায় স্বাগত বক্তব্য রাখবেন মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা।

এর আগে ১৮ ডিসেম্বর সকাল ৮টায় মানিক মিয়া এভিনিউতে বের হয় আন্তর্জাতিক অভিবাসী দিবসের বর্ণাঢ্য র‌্যালি।

এবারের উদযাপনের অনাবাসী বাংলাদেশিদের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি সম্মাননা প্রদান, বিদেশগামী কর্মীদের জন্য প্রবর্তিত জীবন বীমা কর্মসূচির উদ্বোধন, প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান, অভিবাসন মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

এবার সিআইপি (এনআরবি) সম্মাননার জন্য নির্বাচিত হয়েছে ১৪টি দেশের ৪২জন অনাবাসী বাংলাদেশি।

-জেডসি