ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২১:৪২:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বৈধ পথে প্রবাসীরা অর্থ পাঠালে প্রণোদনা পাবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি।

বৈধ পথে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা বৈধ পথে অর্থ পাঠাবে সরকার তাদের দুই শতাংশ প্রণোদনা দিবে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে বিভিন্ন আয়োজনে দিবসটি পালন করা হচ্ছে।

শেখ হাসিনা বলেন, ‘যুব সমাজ আমাদের সম্পদ। এই যুব সমাজকে দক্ষ যুব সমাজে রূপান্তর করতে হবে। প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থা করছি। দক্ষ যুব সমাজকে বিদেশে পাঠিয়ে তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর আমাদের দেশে ৮২ থেকে ৮৩ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করত। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছেন। সমগ্র বিশ্বে আমাদের দেশের মানুষ যাতে নিরাপদে থাকতে পারেন সে ব্যবস্থাও চালু করে গেছেন।’

প্রবাসীদের পাঠানো অর্থকে খুব গুরুত্ব দেওয়া হয় জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘জাতিসংঘ টেকসই উন্নয়নের দিকে নজর দিয়েছে। আমরা প্রবাসীদের জন্য আইন, নীতিমালা করেছি। এ সেক্টরকে ফাস্ট সেক্টর হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রবাসীদের পাঠানো অর্থকে আমরা খুবই গুরুত্ব দেই। আমাদের দেশ থেকে প্রশিক্ষিত কর্মী পাঠাতে চাই। ঘরবাড়ি জমি বিক্রি করে কেউ যেন দালালের খপ্পরে না পড়ে, কেউ যেন নিঃস্ব না হয়।’

প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ নিয়ে যুবকরা বিদেশে যেতে পারবে। এই ব্যাংকের মাধ্যমে তারা তাদের অর্থ পাঠাতে পারবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই ব্যাংক থেকে ঋণ নিয়ে যেমন বিদেশে যাওয়া যাবে, আবার বিদেশ থেকে ফিরে এই ব্যাংক থেকে ঋণ নিয়ে বাংলাদেশেও কিছু করতে পারবেন। বিদেশগামী যুবকরা যাতে প্রতারণায় না পড়ে সে জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’