ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৮:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শীতে কাঁপছে দেশ, চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫২ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

শীতে কাঁপছে দেশ

শীতে কাঁপছে দেশ

সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। হাড়কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। গত দুইদিন ধরে মৃদু থেকে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে এ জেলায়। দিন দিন তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৯ ডিগ্রি সেলসিয়াস। চলিত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এ জেলায়। তবে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

অপর দিকে কুয়াশা না থাকলেও সূর্যের তাপে কমছে না শীতের তীব্রতা। দিনের তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও হ্রাস পাচ্ছে রাতের তাপমাত্রা। শীতল বাতাস বাড়িয়ে দিচ্ছে মানুষের ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন তারা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক গণমাধ্যমকে বলেন, গত পরশু রাত থেকে চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণে প্রতিদিনই তাপমাত্রা হ্রাস পাচ্ছে। এ পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

এদিকে রাজশাহী, পাবনা, নওগাঁ ও কুড়িগ্রাম, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বাসসকে এ তথ্য জানিয়েছেন ।
তিনি বলেন, রাত ও দিনের তাপমাত্রার ব্যবধান কমে আসায় ঢাকায় একটু বেশি শীত অনুভূত হচ্ছে। তবে ঢাকায় শৈত্য প্রবাহের কোন প্রভাব নেই। মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে ঢাকার বাইরে। আজ ঢাকায় ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

এদিকে আবহাওয়া অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া আগামী ২৪ ঘন্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৬ মিনিটে।

আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।