টেক্সাসে ব্যাংকের ভুলে কোটিপতি এক নারী!
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৫৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
টেক্সাসে ব্যাংকের ভুলে কোটিপতি এক নারী!
যুক্তরাষ্ট্রে রুথ বালুন নামে এক নারীর ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা জমা হয়েছে। প্রথমে তিনি ভেবেছিলেন বড়দিন উপলক্ষে হয়তো তিনি ব্যাংকের পক্ষ থেকে উপহার পেয়েছেন। কিছুক্ষণ পর অর্থের পরিমাণ দেখে চোখ কপালে ওঠে তার! তার ব্যাংক অ্যাকউন্টে সামান্য অর্থ নয়, জমা হয়েছিল প্রায় তিন কোটি ৭০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১৫ কোটি টাকার সমান)।
গত সপ্তাহে টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা রুথ বালুনের সঙ্গে ঘটেছে এমন ঘটনা। অ্যাকাউন্টে এত টাকা দেখে তিনি গোটা ঘটনাটা তার স্বামীকে জানান। পরদিন তার স্বামী লিগ্যেসি টেক্সাস নামে ওই ব্যাংকটিতে ফোন করে ঘটনার কথা জানান।
রুথের স্বামীর কাছে বিস্তারিত শোনার পর ব্যাংকের পক্ষ থেকে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া হয়। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, ম্যানুয়াল এন্ট্রি করতে ভুল হওয়াতেই বিশাল পরিমাণ ওই অর্থ রুথের অ্যাকাউন্টে জমা হয়েছে। বিষয়টি সম্পর্কে তারা অবগত ছিলেন না।
ব্যাংক কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, রুথ বালুন যদি ভুল না ধরতেন তা হলেও ব্যাংকের হিসাবে বিষয়টা পরে ধরা পড়ত। ভুল স্বীকার করার পর রুথের অ্যাকাউন্ট থেকে সেই টাকা ফেরত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। বিষয়টি ব্যাংককে অবহিত করার জন্য রুথকে ধন্যবাদ জানানো হয়েছে।
