ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ২০:১৪:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আইনের শাসনের অনুপস্থিতিতে বাড়ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড : সুলতানা কামাল

প্রকাশিত : ০১:৫২ পিএম, ১৩ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০১:৫২ পিএম, ১৩ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার

003_155207 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, রাজশাহী: আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, দেশে আইনের শাসন এবং নিরাপত্তা না থাকায় মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এর ফলে উদ্বেগজনক হারে বাড়ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। বৃহস্পতিবার রাজশাহী চেম্বার অব কমার্স মিলনায়তনে বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি বিষয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একদিকে মানুষের মানবাধিকার বিষয়ে সচেতনতা বাড়ছে অন্যদিকে বাড়ছে মানবাধিকার লঙ্ঘনের মাত্রা। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে। মুক্ত আলোচনা পর্বে সুলতানা কামাল আরও বলেন, ‘দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। এটা গৌরবের কথা, কিন্তু সব মানুষ কি মধ্যম আয়ের দ্বার প্রান্তে পৌঁছাতে পেরেছে? তাই সবাইকে একত্রিত হয়ে নিজের অধিকার বোধকে জাগ্রত করতে হবে। আর এতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে তরুণদের। এখন থেকেই তাদের সিদ্ধান্ত এবং কর্মপরিকল্পনা পরিষ্কার করতে হবে, নয়তো এই মানবিক বিপর্যয় ঠেকানো সম্ভব হবে না।’ রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোজাম্মেল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আবু নাসের মো. ওয়াহিদ, জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান দিল সেতারা চুনি প্রমুখ।