শীতে কাঁপছে দেশ; মৌলভীবাজারে ৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৩০ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। রোববার (২২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে। ঢাকায় গতকাল শনিবার (২১ ডিসেম্বর) সর্বনিম্ন ১২ দশমিক ২ ডিগ্রি ও সর্বোচ্চ ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।
আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালে রাতের কুয়াশা এই এলাকার বিভিন্ন স্থানে দেখা দিতে পারে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ ঘণ্টা বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলেও ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে।
রোববার বিকেল পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তার পরবর্তী দুইদিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এর পরের পাঁচদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রোববার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে, মৌলভীবাজারে প্রচন্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শৈত্যপ্রবাহের সঙ্গে দেখা দিয়েছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগবালাই। এরই মধ্যে কমলগঞ্জ উপজেলায় ঠাণ্ডাজনিত কারণে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রচন্ড ঠান্ডায় দু’দিনে শমশেরনগর ইউনিয়নের কানিহাটি, ডবলছড়া চা বাগানের নারীসহ বয়োবৃদ্ধ ৪ জন ও আলীনগর ইউনিয়নের কামুদপুর আশায়ন প্রকল্পের এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা ও মৃদু বাতাসে গরম কাপড়ের অভাবে চা শ্রমিক, শব্দকর পরিবার ও নিম্নআয়ের মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন। খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন চা বাগান ও বস্তির নিম্নআয়ের লোকজন। ঠাণ্ডায় সর্দি, জ্বর, শ্বাসকষ্ঠ ও নিউমোনিয়া রোগের উপদ্রুবও বাড়ছে।
-জেডসি
