পুতিনকে প্রশ্ন করায় চাকরি গেল সাংবাদিকের
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:০৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৯ বুধবার
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সাংবাদিক এলিসা ইয়ারোভসকায়া। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রশ্ন করা এক নারী সাংবাদিকের চাকরি চলে গেছে। জলবায়ু পরিবর্তন বিষয়ে তিনি পুতিনকে প্রশ্ন করেছিলেন।
বিবিসি জানায়, এলিসা ইয়ারোভসকায়া নামের ওই সাংবাদিক রাশিয়ার ইয়ামাল এলাকার একটি আঞ্চলিক টিভি চ্যানেলে কাজ করেন। গত ১৯ ডিসেম্বর পুতিনের বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন করেন। তিনি পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের দ্বারা প্রশ্ন করার জন্য নির্বাচিত হয়েছিলেন।
প্রশ্ন করতে গিয়ে এলিসা পুতিনকে তার অঞ্চল ইয়ামালে জলবায়ু পরিবর্তনের কথা তুলে ধরেন। জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলে সমুদ্র পথ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই অঞ্চলের রেল ও সড়ক যোগাযোগ উন্নতির কথাও বলেন এলিসা। তিনি ‘ওভ’ নদীর উপর সেতু নির্মাণের ওপর পুতিনের দৃষ্টি আকর্ষণ করেন। যদিও এ সেতুর কাজ শুরু হয়েছে।
এরপর তিনি পুতিনের কাছে অভিযোগ করে বলেন, ‘আমাদের গভর্নর দিমিত্রি আর্থুখোভ এ বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছেন না। ’
তিনি পুতিনের উদ্দেশে বলেন, ‘আমরা শুনেছি আমাদের আলোচনা কেন্দ্রীয় পর্যায়ে তেমন গুরুত্বপূর্ণ নয়। কেন্দ্রীয় পর্যায়ে ভারী অস্ত্রই বেশি গুরুত্বপূর্ণ।’
এর উত্তরে পুতিন বলেন, ‘সরকারের কাছে স্থানীয় কোনো প্রকল্প কম গুরুত্বের। তবে “ওভ সেতু” একটি মূল সংযোগ। সরকার এটি নির্মাণে সচেতন রয়েছে।’
এলিসার এমন কথায় খুশি হতে পারেননি ইয়ামালের গভর্নর। অবশেষে চ্যানেলটি থেকে তার চাকরিটিই চলে গেলে। তবে এলিসা দাবি করেছেন, তাকে বরখাস্ত নয় তিনি নিজেই চাকরি ছেড়ে দিয়েছেন।
এদিকে, পুতিনের মুখপাত্র পেসকভ গতকাল মঙ্গলবার দাবি করেছেন- তিনি ওই নারী সাংবাদিকের চাকরি চলে যাওয়ার বিষয়ে কিছুই জানেন না।
