‘ব্ল্যাক মানি’ দিয়ে যাত্রা শুরু মৌসুমী হামিদের
প্রকাশিত : ০৫:৪০ এএম, ৭ আগস্ট ২০১৫ শুক্রবার | আপডেট: ০৫:৫৪ এএম, ৭ আগস্ট ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ছোট পর্দার জনপ্রিয় মুখ মৌসুমী হামিদের অভিষেক ঘটছে বড় পর্দায়। আজ ‘ব্ল্যাক মানি’ ছবির মাধ্যমে সিনেমার নায়িকা হিসেবে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। শুক্রবার সারা দেশের মোট ৮৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।
মুভি প্ল্যানেট মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত অ্যাকশন-রোমান্টিক ধারার এই ছবিটি পরিচালনা করেছেন সাফিউদ্দিন সাফি।
এই ছবিতে মৌসুমী হামিদ অভিনয় করেছেন সাইমনের বিপরীতে। ছবির আরেক নায়িকা কেয়া। মৌসুমী হামিদকে দেখা যাবে লন্ডনে অধ্যয়নরত এক অত্যাধুনিক তরুণীর চরিত্রে। পড়াশোনার কাজে কিছুদিনের জন্য দেশে এসে জড়িয়ে পড়েন নানা ঘটনায়। ছবিতে তার ঠোঁটে গান থাকছে দুটি।
মৌসুমী বলেন, প্রচুর টেনশন হচ্ছে। তবে স্বস্তি পাচ্ছি এই ভেবে, শরুতেই ভালো একটি ছবি দিয়ে সবার সামনে আসতে পারছি।
মৌসুমী এখন একই পরিচালকের আরেক ছবি ‘ক্যাপ্টেন’ (পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-টু)-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত আছেন ভারতে।
মৌসুমী হামিদ সর্বপ্রথম সিনেমার ক্যামেরার সামনে দাঁড়ান অনিমেষ আইচ পরিচালিত ‘না মানুষ’ ছবিতে। কিন্তু ছবিটির কাজ এখনও শেষ হয়নি। এরপর তিনি অভিনয় করেন ‘ব্ল্যাকমেইল’ ছবিতে। কিন্তু তার প্রথম ছবি হিসেবে মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক মানি’।
০৭.০৮.২০১৫
