জীবন দিয়ে হলেও আন্দোলন চলবে, ঘোষণা মমতার
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:১৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
মল্লিকবাজারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক থেকে
সংশোধিত নাগরিক আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-র বিরুদ্ধে আন্দোলনের রাস্তা থেকে তিনি যে সরছেন না, লাগাতার কর্মসূচিতে আবারও বুঝিয়ে দিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ বৃহস্পতিবারও পথে নামলেন তৃণমূল নেত্রী। রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত মিছিল শেষে সভামঞ্চ থেকে ফের ঘোষণা করলেন, সিএএ-এনআরসি প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। জীবন দিয়ে হলেও অধিকার রক্ষার আন্দোলন চলবে।
সিএএ এবং এনআরসি-র বিরুদ্ধে প্রায় প্রতিদিনই মিছিল, পদযাত্রা, সভা করছেন মমতা। আজ সেই কর্মসূচি ছিল রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত। প্রায় প্রতিদিনই মিছিলের শুরুতে সিএএ-এনআরসি-বিরোধী শপথবাক্য পাঠ করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজও একই ভাবে শুরু হয় মিছিল। শিয়ালদহ, মৌলালি মোড় হয়ে মল্লিকবাজারে মিছিল শেষে একটি সভাও করেন মমতা।
ওই সভা থেকে টানা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন তৃণমূল নেত্রী। আগামী ২৮ ডিসেম্বর রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে অবস্থান-বিক্ষোভ করবে তৃণমূল। এ ছাড়া আগামী বছর ৩ জানুয়ারি শিলিগুড়িতে সিএএ-এনআরসি বিরোধী মিছিলে হাঁটবেন তিনি নিজে।
এদিকে ২৯ তারিখ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হেমন্ত সোরেন। সেই শপথগ্রহণে আমন্ত্রণ এসেছে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে। সেই অনুষ্ঠানে তিনি থাকবেন বলে জানিয়ে মমতা বলেন, ‘৩০ ডিসেম্বর পুরুলিয়ায় সভা করে কলকাতায় ফিরব আমি।’
