সৌদিতে শালীনতা লঙ্ঘন, দুই শতাধিক নারী-পুরুষ গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:১২ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
সৌদি আরবে প্রকাশ্যে শালীনতা লঙ্ঘনের দায়ে দুই শতাধিক নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। রক্ষণশীল দেশটিতে সামাজিক বিভিন্ন নিয়মে শিথিলতা আনার উদ্যোগ নেয়ার পর এবারই প্রথম এভাবে দুই শতাধিক মানুষকে গ্রেফতার করা হলো।
সোমবার রিয়াদ পুলিশ একাধিক টুইট বার্তায় বলেছে, আটসাট পোশাক পরা, বিনোদন উৎসবে হয়রানি এবং প্রকাশ্যে শালীনতা লঙ্ঘনের অভিযোগে ২০০ জনের বেশি নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। শালীনতা লঙ্ঘনকারীদের গ্রেফতারের পর জরিমানাও করা হয়েছে।
পৃথক এক বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির শিকার হয়েছেন বলে নারীরা অভিযোগ জানানোর পর আরও ৮৮ জনকে গ্রেফতার করা হয়। চলতি মাসের শুরুর দিকে রিয়াদে এমডিএল বিস্ট সঙ্গীত উৎসবে হয়রানির শিকার হয়েছিলেন বলে ওই নারীরা জানিয়েছিলেন।
রিয়াদে এই সঙ্গীত উৎসবে হাজার হাজার মানুষ অংশ নিয়েছিলেন। তবে গ্রেফতারকৃতদের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি পুলিশ। এমনকি সন্দেহভাজনদের কবে গ্রেফতার করা হয়েছে সে ব্যাপারেও জানানো হয়নি।
সৌদি আরবে চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শনী এবং নারীদের গাড়ি চালানোর ওপর আরোপিত কয়েক দশকের পুরোনো নিষেধাজ্ঞা চলতি বছর প্রত্যাহার করে সামাজিক সংস্কারের ব্যাপক উদ্যোগ নেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার এই উদ্যোগের পর সৌদি আরবে এখন নারী-পুরুষরা কনসার্টে অংশ নিতে পারছেন।
সামাজিক বিভিন্ন নিয়মে শিথিলতা আনতে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেয়া উদ্যোগে দেশটির অনেক নাগরিক স্বাগত জানিয়েছেন; তবে এদের বেশিরভাগের বয়স ৩০ এর নিচে।
গত সেপ্টেম্বরে সউদী আরব জানায়, জন-শালীনতা লঙ্ঘন, অশালীন পোশাক পরা, জন-আকর্ষণ তৈরি করে এমন আচরণ প্রদর্শনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। প্রথমবারের মতো দেশটিতে পর্যটক ভিসা ইস্যু করার পর
সৌদি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানায়।সূত্র : এএফপি।
-জেডসি
