শিশু সুরাইয়াকে কেবিনে মায়ের কোলে হস্তান্তর
প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১৬ আগস্ট ২০১৫ রবিবার | আপডেট: ১২:৫৫ পিএম, ১৬ আগস্ট ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : অবশেষ মায়ের কোলে তুলে দেয়া হলো, মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু সুরাইয়াকে।
রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে হস্তান্তর করে। সন্তানকে কোলে পেয়ে মা-বাবা খুশি হলেও মামলার প্রধান আসামিরা গ্রেফতার না হওয়ায় হতাশা প্রকাশ করেন।
এদিকে, আগামী ২ থেকে ৩ দিন পর্যবেক্ষণে রেখে মা ও মেয়েকে সুস্থ অবস্থায় বাড়ি পাঠাতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক।
দীর্ঘ ২৩ দিন নিবিড় পর্যবেক্ষণের পর কেবিনে মায়ের কোলে দেয়ায় খুশি মায়ের পেটে গুলিবিদ্ধ সেই শিশুটির মা-বাবা।
রোববার দুপুরে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪০ নম্বর কেবিনের সামনে মায়ের হাতে তুলে দেন দায়িত্বরত চিকিৎসক। মায়ের কোলে শিশুটিকে সুস্থ অবস্থায় দিতে পেরে খুশি সার্বক্ষণিক তত্ত্বাবধায়ক চিকিৎসক।
তত্ত্বাবধায়ক চিকিৎসক কানিজ হাসিনা উইমেননিউজকে বলেন, 'একটা সুস্থ বাচ্চাকে মায়ের কাছে দিতে পেরে আমরা আনন্দিত।'
তবে, ঐ ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা হলেও প্রধান আসামিসহ ৬ জন এখনো গ্রেফতার না হওয়ায় হতাশ সুরাইয়ার বাবা।
ঢামেক পরিচালক ব্রি. জে. মিজানুর রহমান বলেন, 'শিশুর শারীরিক অবস্থা ভালো হওয়ায় তাকে কেবিনে দেয়া হয়েছে।'
গত, ২৩ জুলাই মাগুরায় যুবলীগের দু'গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয় শিশু সুরাইয়ার মা নাজমা খাতুন।
১৬.০৮.২০১৫
