জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়ছি: মের্কেল
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভবিষ্যৎ প্রজন্মের শান্তি ও সমৃদ্ধির কথা ভেবে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানালেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। ইংরেজি নববর্ষের শুভেচ্ছাবার্তায় তিনি এই কথা জানান।
আগে ধারণ করা নববর্ষে শুভেচ্ছাবার্তাটি মঙ্গলবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় প্রচার করা হবে। এতে তিনি আরও বলেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে যে পরিমাণ তাপমাত্রা বাড়ছে এবং সমস্যা তৈরি হচ্ছে, তার জন্য মানুষই দায়ী। যেহেতু মানুষই এ সমস্যা তৈরি করেছে। তাই সর্বোচ্চ মানবিক শক্তি দিয়ে এ সমস্যার মোকাবেলা করতে হবে। এ লড়াই অসম্ভব নয়।
মের্কেল বলেন, এখন আমার বয়স ৬৫। আমাকে হয়তো জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পর্শই করবে না। কিন্তু রাজনীতিবিদ হিসেবে যদি উদ্যোগী না হই, তা হলে হয়তো জলবায়ু পরিবর্তনের বিষয়টি গ্রহণযোগ্যতা হারাবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তিনি জার্মানদের প্রচলিত ধারণার বাইরে আসার আহ্বান জানান। আগামী দিনের নাগরিকদের জন্য নিরাপদ পৃথিবী তৈরির লক্ষ্যে জলবায়ু পরিবর্তন ইস্যুতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
-জেডসি
