এক বছরে নারী-শিশুসহ সাড়ে ৫ হাজার ফিলিস্তিনি আটক
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ইসরাইল গত বছর অধিকৃত পশ্চিম তীরে নারী ও শিশুসহ সাড়ে পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে। এদের মধ্যে ৮৮৯ জন শিশু এবং ১২৮ জন নারী রয়েছেন বলে ফিলিস্তিনের কয়েকটি মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে।
এসব মানবাধাবিকার গোষ্ঠীর মধ্যে প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি বা পিপিএসও আছে। বর্তমানে ইসরাইলি নির্যাতন শিবিরিগুলিতে ৫০ জন নারী ও ২০০ শিশুসহ প্রায় পাঁচ হাজার ফিলিস্তিনি বন্দি আটক রয়েছে।
এর মধ্যে সাড়ে চারশ ফিলিস্তিনকে বিনা অভিযোগ ও বিনা বিচারে আটক রাখা হয়েছে। ইসরাইলির ভাষায় এসব বন্দিকে কথিত 'প্রশাসনিক আটক' হিসেবে দেখানো হচ্ছে। বিনা বিচার ও বিনা অভিযোগে ইসরাইল যে কোনও ফিলিস্তিনিকে প্রাথমিক ভাবে ছয়মাস আটক রাখতে পারে। অবশ্য ছয়মাস করে আটকে মেয়াদ অনির্দিষ্টকাল পর্যন্ত বাড়ান যায়।
আটক ফিলিস্তিনিদের মধ্যে ১০ ক্যান্সারের রোগী আছেন। এছাড়া, দুইশ জন নানা রোগে আক্রান্ত হয়েছেন। সব মিলে অসুস্থ ফিলিস্তিনি বন্দির সংখ্যা প্রায় ৭০০ বলে মানবাধিকার সংস্থা পিপিএসের বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে, নির্যাতন শিবিরগুলিতে যথাযথ চিকিৎসার অভাবে গত বছর আটক ফিলিস্তিনিদের মধ্যে পাঁচজন অকালে মারা গেছে।
-জেডসি
