গ্যাসের আগুনে একই পরিবারের ৩ জন দগ্ধ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:১৩ পিএম, ২ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের চুলা থেকে জমা থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন।তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।দগ্ধরা হলেন- কবির হোসেন (৬৫), তার স্ত্রী রেখা বেগম (৫৫) ও মেয়ে সুফিয়া (২৮)।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় পাইনাদী সিআইখোলার ইতালি ভবনের দ্বিতীয়তলায় এই ঘটনা ঘটে।
এই বিষয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানায়, পাইনাদী সিআইখোলা এলাকায় সুফিয়া বেগমের ইতালি ভবনের দ্বিতীয়তলার একটি ফ্ল্যাট বাসায় কবির হোসেন তার পরিবার নিয়ে বসবাস করেন। আজ ভোরে চুলা জ্বালানোর জন্য ম্যাচের কাঠি জ্বালালে ওই ফ্ল্যাট বাসায় জমে থাকা গ্যাস বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে রান্নাঘরসহ তিন ঘরেই আগুন ধরে যায়। বিকট শব্দ শুনে প্রতিবেশী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভায়। পরে দগ্ধ অবস্থায় গৃহকর্তা কবির হোসেন, তার স্ত্রী রেখা বেগম ও মেয়ে সুফিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, ধারণা করা হচ্ছে গ্যাসের চুলার গোড়ায় পাইপে লিকেজ ছিল বা চুলা বন্ধ না করেই পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েছিল। এতে রাতভর দরজা-জানালা বন্ধ থাকায় বাসায় ভেতরে গ্যাস জমে যায়। ভোরে কেউ চুলা জ্বালাতে গেলে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে বাসার ভেতরের আগুন ধরে গেলে একই পরিবারের তিনজন দগ্ধ হয়। তিনি আরও বলেন, আমরা পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খানজানান, দগ্ধদের মধ্যে কবির হোসেনের শরীর ৫৫ ভাগ, স্ত্রী রেখা বেগমের ২০ ভাগ ও মেয়ে সুফিয়ার পাঁচ ভাগ পুড়ে গেছে। গৃহকর্তার কবির হোসেনের অবস্থা আশঙ্কাজনক।
-জেডসি
