যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামনে অন্ধকার: সোলায়মানির মেয়ে
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:২৪ পিএম, ৬ জানুয়ারি ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
মার্কিন সেনাদের ড্রোন হামলায় নিহত ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানির মেয়ে জেইনাব বলেছেন, আমার বাবার মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য অন্ধকার দিন নিয়ে এসেছে।ট্রাম্প, তুমি ভেবো না সব শেষ হয়ে গেছে।
আজ সোমবার ইরানের রাজধানী তেহরানে বাবার জানাজায় অংশ নিয়ে জেইনাব সোলাইমানি এসব কথা বলেন।
জেইনাব বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল জেনে রাখো বাবার শাহাদাতের ফলে গোটা বিশ্বের প্রতিরোধ ফ্রন্টের মধ্যে মানবিকতা আরো বেশি জাগ্রত হবে। এখন থেকে পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের স্ত্রী-সন্তানদেরকে তাদের স্বামী অথবা বাবার মৃত্যুর আশঙ্কায় প্রহর গুনতে হবে।
জেনারেল সোলাইমানির মেয়ে বলেন, গোটা বিশ্ব দেখছে ইরাক ও ইরানের মানুষ কীভাবে তাদের বীরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। ট্রাম্প ইরানি ও ইরাকি জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিলেন, কিন্তু এই শাহাদাতের ঘটনা দুই জাতির মধ্যে বন্ধনকে আরো শক্তিশালী করেছে, তারা চিরস্থায়ী বন্ধনে আবদ্ধ হয়েছে।
এর আগে এক টিভি সাক্ষাৎকারে জেইনাব বলেছেন, তিনি নিশ্চিত লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহও (সোলাইমানি) হত্যার প্রতিশোধ নেবেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার মধ্যরাতে মার্কিন এক বিমান হামলায় ইরাকের রাজধানী বাগদাদে নিহত হন ইরানের কুদস বাহিনীর প্রধান লে. জেনারেল কাসেম সোলায়মানি। এরপর ওই অঞ্চলে উত্তাপ ছড়িয়ে পড়ে।
-জেডসি
