ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৩:৩৫:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফিনল্যান্ডে সপ্তাহে ৩ দিন ছুটির খবর সঠিক নয়: সানা ম্যারিন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৮ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডে সাপ্তাহিক কর্মদিবস একদিন কমিয়ে চারদিন এবং ছুটি দুই দিন থেকে বাড়িয়ে তিন দিনের ঘোষণা সত্য নয় বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর।

বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সানা ম্যারিনের অফিস থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে, এই রকম কোনো বিষয়ে এখনই চিন্তাভাবনা করছেন না প্রধানমন্ত্রী।

মঙ্গলবার করা ওই টুইটে বলা হয়, সপ্তাহে চার দিন কাজ চালুর বিষয়ে তার সরকারের কোনো পরিকল্পনা নেই এবং এই নিয়ে কোনোরকম কথাবার্তা শুরু হয়নি। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার আগে একটি আলোচনা সভায় ম্যারিন বলেছিলেন যে, সপ্তাহে চার দিন কাজ ভবিষ্যতে চালু হতেই পারে। তার থেকেই কোনোভাবে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে।

গত আগস্টে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির ১২০তম প্রতিষ্ঠা দিবসের বক্তৃতায় ৩৪ বছর বয়সী প্রধানমন্ত্রী সানা ম্যারিন বলেছিলেন, সপ্তাহে চার দিন কাজ শুরু হলে সাধারণ মানুষ তাদের পরিবার ও নিজের হবির জন্য আরও বেশি সময় বের করতে পারেবেন।

ফিনল্যান্ডের মানুষ বর্তমানে দৈনিক আট ঘণ্টা করে সপ্তাহে পাঁচ দিন কাজ করেন।

এক সন্তানের জননী সানা ম্যারিন মাত্র ২৭ বছর বয়সে ফিনল্যান্ডের দক্ষিণাঞ্চলে নিজ শহর ত্যামপেরে’র কাউন্সিল প্রধান হিসেবে নির্বাচিত হন ম্যারিন। এরপর দেশটির রাজনৈতিক অঙ্গনে দ্রুত উন্নতি করতে থাকেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশটির পরিবহন মন্ত্রীর দায়িত্বে ছিলেন সানা।

-জেডসি