বিকেলে সংসদের শীতকালীন অধিবেশন শুরু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:০১ পিএম, ৯ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের ষষ্ঠ ও শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার বিকেল ৪টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২৪ ডিসেম্বর এই অধিবেশন আহ্বান করেন।এছাড়া বছরের প্রথম অধিবেশন হিসেবে আজ ভাষণ দেবেন রাষ্ট্রপতি।
বর্তমান সংসদের গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ইউনুস আলী সরকারের ইন্তেকালে রেওয়াজ অনুযায়ী, শোক প্রস্তাবের পর অন্যান্য কার্যক্রম স্থগিত রেখে বৈঠক মুলতবি করা হবে। তবে, কিছুক্ষণ পর পুনরায় শুরু হলে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। বছরের প্রথম অধিবেশনে সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সরকারের এক বছরের কার্যক্রমের চিত্র তুলে ধরা হয় রাষ্ট্রপতির ভাষণে।
নতুন বছরের শুরুতে এই অধিবেশন শীতকালীন অধিবেশন নামে পরিচিত।
এর আগে বিকেল ৩টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এই অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হবে। স্পিকারের সভাপতিত্বে ওই বৈঠকে কমিটির সদস্য হিসেবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং সংসদের চিফ হুইপ অংশ নেবেন।
৬ষ্ঠ অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিল পাস ও উত্থাপন হতে পারে। সমসাময়িক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।
-জেডসি
