ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৭:১৪:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিকৃত রুচির তথ্য উপস্থাপন না করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১১:১৪ এএম, ১২ আগস্ট ২০১৫ বুধবার | আপডেট: ১১:১৪ এএম, ১২ আগস্ট ২০১৫ বুধবার

pm স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : 'অবাধ তথ্য প্রবাহের সুযোগ নিয়ে সামরিক শাসনের সুবিধা ভোগীরা এখন দেশে গণতন্ত্রের শিক্ষা দিচ্ছেন'। রাজধানীতে তথ্য ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। গণমাধ্যমে সরকারের সমালোচনাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, সমালোচনার পাশাপাশি সরকারের উন্নয়নের চিত্রও গণমাধ্যমে উঠে আসা দরকার। এছাড়া প্রধানমন্ত্রী, ধর্মীয় অনুভূতিতে আঘাত হয় এমন কথা বা কাজ না করতে সবার প্রতি আহ্বান জানান।   সরকারের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ফিল্ম সেন্সর বোর্ড এবং গণযোগাযোগ অধিদপ্তর কাজ করবে একই ভবন থেকে। আর এ জন্যই সার্কিট হাউজ রোডে উদ্বোধন করা হলো ১৬ তলা তথ্য ভবনের নির্মাণ কাজ। ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলত তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। বলেন, সরকার মুক্তবুদ্ধি চর্চার সুযোগ নিশ্চিত করতে চায়। আর এ জন্য সরকারি গণমাধ্যমের পাশাপাশি দেশে কাজ করছে উল্লেখযোগ্য সংখ্যক বেসরকারি গণমাধ্যম । প্রধানমন্ত্রী বলেন, 'আজকে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, সেখান থেকে যাতে আমরা সরে না যাই। ভালো কাজের প্রচারের প্রতিফলন যেন ঘটে, মানুষ যেনো বুঝতে পারে যে তাদের জীবন মান উন্নত হচ্ছে'। প্রধানমন্ত্রী আরও বলেন, 'প্রত্যেক ধর্মের মানুষ তার ধর্ম পালনের স্বাধীনতা থাকবে এবং কেউ কারো ধর্মে আঘাত দিয়ে কোনো কাজ করবে না এবং বলবে না'। প্রধানমন্ত্রী বলেন, সমালোচনার সুযোগ নিয়ে দেশে গণতন্ত্র নেই বলে যারা অভিযোগ আনছেন, তারা অনেকেই উর্দি পরা সামরিক শাসকের পরামর্শক ছিলেন। যে সব বিকৃত তথ্য সমাজের ক্ষতি করে, মানুষকে বিভ্রান্ত করে তা বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২.০৮.২০১৫