কুমিল্লায় প্রতিবন্ধী তরুণীর লাশ উদ্ধার
প্রকাশিত : ০৩:০৮ পিএম, ১২ আগস্ট ২০১৫ বুধবার | আপডেট: ০৩:০৮ পিএম, ১২ আগস্ট ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, কুমিল্লা : কুমিল্লার চান্দিনায় বাক প্রতিবন্ধী তরুণীর গলায় ওড়না পেঁচানো ও হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার উপজেলার নয়াকান্দি গ্রামের একটি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গুলশান আরা (২০) নয়াকান্দি গ্রামের শরীফুল ইসলামের মেয়ে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী নিহতের পরিবারের বরাত দিয়ে উইমেননিউজকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় গুলশান আরা বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে তাকে পাওয়া যায়নি।
সকালে তার বাড়ির পাশে একটি জমিতে গলায় ওড়না পেঁচানো ও হাত-মুখ বাঁধা অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। লাশ উদ্ধার করে দুপুর ২টার দিকে পুলিশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১২.০৮.২০১৫
