১৮ ঘণ্টা বরফে চাপা থেকেও বেঁচে গেছে এক কিশোরী
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:০৮ পিএম, ১৭ জানুয়ারি ২০২০ শুক্রবার
১৮ ঘণ্টা বরফে চাপা থেকেও বেঁচে গেছে কিশোরী সামিনা বিবি
পাকিস্তানশাসিত কাশ্মীরে তুষারধসের কারণে ১৮ ঘণ্টা বরফের ফাঁকে চাপা থেকেও বেঁচে গেছে এক কিশোরী। ১২ বছর বয়সী ওই কিশোরীকে শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে। খবর বিবিসি’র
পাকিস্তানশাসিত কাশ্মীরের এই কিশোরীর নাম সামিনা বিবি। কয়েক ফুট উঁচু বরফের স্তরের মধ্যে আঠার ঘণ্টা আটকে ছিল সে।
বার্তা সংস্থা রয়টার্সকে সে বলেছে, হিমবাহ আঘাত করার পর নিজের বাড়িতেই একটি কক্ষের ভেতরে আটকা পড়ে সে। বরফের নিচে সেই কক্ষে তৈরি হওয়া ফাঁদে শুয়ে পড়েছিল সে।
উদ্ধারের আগে বেঁচে থাকার খুব একটা আশা সে করেনি। সামিনা বিবি বলে, ‘আমি ভেবেছি আমি সেখানেই মরবো’।
কাশ্মীরের নিলম ভ্যালিতে বড় ধরনের তুষার আর ভূমিধসে সম্প্রতি মৃত্যু হয়েছে অন্তত ৭৪ জনের।
হিমালয়ের এই অঞ্চলটির আবহাওয়া দুর্যোগপ্রবণ এবং সাম্প্রতিক সময়ে এটাই কোনো ঘটনায় সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুর রেকর্ড।
এবারের দুর্যোগে ভারতশাসিত কাশ্মীর ও আফগানিস্তানও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বেশি ক্ষতির শিকার হয়েছে পাকিস্তানশাসিত কাশ্মীর বিশেষ করে নিলম উপত্যকা এলাকা।
