আওয়ামী লীগ ধর্ম নিয়ে রাজনীতি করে না: প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১০:১৭ এএম, ১৩ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ১০:১৮ এএম, ১৩ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ধর্ম নিয়ে রাজনীতি করে না বরং এর অনুশাসনে দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরায় হজ কার্যক্রম-২০১৫-এর উদ্বোধন করে একথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ এর আগস্টে যারা হত্যাযজ্ঞ চালায় তাদের বিচার হয়নি তখন বরং তাদের বিচারের হাত থেকে বাঁচানোর জন্য জিয়াউর রহমান বিভিন্ন দূতাবাসে তাদের চাকরি দেয়। আল্লাহ তাদের বিচার করবেন । তাদের বিচার রোজ হাশরের ময়দানে হবে। আমি পরিবারের সবাইকে হারিয়ে মনে বেদনা নিয়ে দেশের মানুষের জন্য কাজ করছি।
তিনি বলেন, আমি নিজেও হজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মখীন হয়েছি। আওয়ামী লীগ সরকার গঠনের পর হজ যাত্রীদের সমস্যা দূর করার জন্য কাজ করছে। সৌদি সরকার হজ যাত্রীদের সুবিধার স্বার্থে আমূল পরিবর্তন এনেছে। আমরা এখন নিজস্ব বিমানে হজ যাত্রীদের পাঠাতে পারি।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু হজ যাত্রীদের জন্য একটি জাহাজ ক্রয় করেছিলেন, বিমানেও ছিল। তখন জাহাজে করেই বেশি হজ যাত্রী সৌদিতে হজ করতে যেতেন। তিনি মুসলিম বিশ্বের সঙ্গে কৌটনূতিক সম্পর্ক সৃষ্টি করেন। ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন। বাইতুল মোকারম ও বিশ্ব ইশতেমার জায়গা দিয়েছেন।
তিনি বলেন, মক্কা-মদিনায় হজযাত্রীদের জন্য চিকিৎসার সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। ডিজিটাল পদ্ধতি চালু হয়েছে। হজের তথ্য জনার জন্য ওয়েবপোর্টালের ব্যবস্থা রয়েছে। সারা বছর হজ যাত্রীরা যাতে রেজিষ্ট্রেশন করতে পারে সেই ব্যবস্থা চালু করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, হজ যাত্রীরা যাতে বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারে সেই ব্যবস্থা রয়েছে। আহকাম-আরকাম পালন করার জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে।
হজযাত্রীদের কাছে দেশ ও নিজের জন্য দোয়া চেয়ে শেখ হাসিনা বলেছেন, আপনারা পবিত্র জায়গায় যাচ্ছেন। দেশের মানুষের জন্য দোয়া করেবন। আমার জন্যও দোয়া করবেন। আমি যেন দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি।
১৩.০৮.২০১৫
