সন্তানের মা হলো ১১ বছর বয়সের কিশোরী
প্রকাশিত : ০৮:১০ এএম, ১৪ আগস্ট ২০১৫ শুক্রবার | আপডেট: ০৮:১০ এএম, ১৪ আগস্ট ২০১৫ শুক্রবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : মাত্র ১১ বছর বয়সে মা হলো প্যারাগুয়ের এক কিশোরী। অভিযোগ, সৎবাবার দ্বারা ধর্ষণের শিকার হয়েছিল সে। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রোপচারের মাধ্যমে মেয়েটি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে।
চিকিত্সকরা জানিয়েছেন, মা ও নবজাতক সুস্থ আছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্যারাগুয়েরে বেশিরভাগ নাগরিক রোমান ক্যাথলিক। সেখানে শুধু মায়ের স্বাস্থ্যঝুঁকি থাকলে গর্ভপাতের অনুমতি দেয়া হয়।
চলতি বছরের শুরুতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মেয়েটির স্বাস্থ্যঝুঁকি না থাকায় তার গর্ভপাতের অনুমতি দেয়া হয়নি।
নিরাপত্তার স্বার্থে মেয়েটির নাম প্রকাশ করা হয়নি। ১০ বছর বয়সে মেয়েটি ধর্ষিত হয় বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
মেয়েটির ৪২ বছর বয়সি সৎবাবা এখন জেলে রয়েছেন। তবে তিনি অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। অবহেলা দেখানোর কারণে মেয়েটির মাও অভিযুক্ত হয়েছেন।
প্যারাগুয়ের রাজধানী অসুনসিয়নের রেইনা সোফিয়া হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে কিশোরী মায়ের। সিজারিয়ান চিকিত্সক মারিও ভিলালবা জানিয়েছেন, তাদের হাসপাতালে ১২ বছরের দুজনসহ কয়েকজন কিশোরী সিজারের অপেক্ষায় আছে।
১৪.০৮.২০১৫
