অপমান সহ্য করতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রকাশিত : ০১:০৭ পিএম, ১৬ আগস্ট ২০১৫ রবিবার | আপডেট: ০১:০৭ পিএম, ১৬ আগস্ট ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, গাইবান্ধা : একদিকে বখাটেদের উৎপাত, অন্যদিকে ভরা মজলিসে নিজের সাথে সাথে পরিবারের অসম্মান সইতে না পেরে আত্মহত্যা করলো গাইবান্ধায় নবম শ্রেণির এক ছাত্রী।
গতকাল রাতে সদর উপজেলার দুলালের ভিটা গ্রামে এ ঘটনা ঘটে। ভোরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মেয়েটির মা ও এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে আমিনাকে উত্ত্যক্ত করে আসছিল একই এলাকার রায়হান। ৭ আগস্ট কোচিং থেকে বাড়ি ফেরার পথে আমিনাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় রায়হান।
ওই দিন বিকেলে স্বজনরা আমিনাকে উদ্ধার করে, ছেলেটিকে আটক করে। পরে বিষয়টি সমাধান করতে গ্রামে বসানো হয় সালিশি বৈঠক। এসময় আমিনা ও তার পরিবারকে বিভিন্নভাবে রায়হান ও তার সঙ্গীরা অপমান করে।
যা সইতে না পেরে আত্মহত্যা করে আমিনা। এ ব্যাপারে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। এমনকি এ ঘটনায় ক্যামেরার সামনে কোনো কথা বলতেও রাজি হয়নি পুলিশ।
১৬.০৮.২০১৫
