ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৫:০৫:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চীন থেকে কেউ ফিরতে চাইলে ব্যবস্থা নেবার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৬ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীনে আটকে পড়া বাংলাদেশিদের কেউ ফিরতে চাইলে তাদের ফেরানোর ব্যবস্থা নেবার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজের ফেসবুক পেজে এই তথ্য দিয়েছেন। তিনি তার পোস্টে লিখেছেন, বাংলাদেশের নাগরিক যারা চীন থেকে ফিরতে চাইবেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।

তিনি লিখেছেন, "আমরা চীন সরকারের সাথে এই বিষয়ে আলোচনা শুরু করেছি। কি প্রক্রিয়ায় এটি করা হবে তা বাস্তবতার নিরিখে স্থানীয় প্রশাসনের সাথে সম্মতির ভিত্তিতে করা হবে।"

শাহরিয়ার আলম আরো লিখেছেন, আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য। এই বিষয়ে আজকের দিনের শেষে একটি প্রাথমিক নির্দেশনা জারি করা হবে যার মূল উদ্দেশ্য থাকবে আগ্রহীদের তালিকা প্রণয়ন।

গণপরিহণ বন্ধ করে দেয়ায় উহানসহ চীনের কয়েকটি শহরে বাংলাদেশি নাগরিকদের আটকে পড়ার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশণা দেবার খবর এলো।

চীনের উহানে এখন প্রায় ৫০০  বাংলাদেশী শিক্ষার্থী লেখাপড়া করছে বলে জানা গেছে। ইতিমধ্যে, পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সেই শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।