করোনাভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ১০৬
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২৭ এএম, ২৮ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি : এএফপি
চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০৬ জন হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ। সোমবার রাতে মৃতের সংখ্যা ৮১ থাকলেও এক রাতের ব্যবধানে তাে একশ ছাড়িয়ে গেছে।
বিবিসি বাংলা’র খবরে বলা হয়, ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে ভ্রমণ কিংবা চলাচলে আরও বাধানিষেধ আরোপ করেছে চীন সরকার।
হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে প্রথম এ ভাইরাসটি ছড়িয়েছে বলে মনে করা হচ্ছ। বর্তমানে এই শহর কার্যত বন্ধ করে রাখা হয়েছে।
এদিকে চীনের বাইরেও ভাইরাসটিতে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ার খবর পাওয়া যাচ্ছে বিশেষ করে সিঙ্গাপুর ও জার্মানিতে নতুন আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। পুরো চীন জুড়ে বহু শহরে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে।
ভাইরাসটি এমন সময়ে ছড়ানো শুরু করলো যখন চীনা নববর্ষ পালিত হতে যাচ্ছে যে সময়টিতে লাখ লাখ মানুষ বাড়িঘর, আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধবদের সাথে সাক্ষাতের জন্য ব্যাপক ভ্রমণ করে থাকে।
তবে ভাইরাস সংক্রমণ যাতে ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে সেজন্য চীন সরকার নববর্ষের ছুটি তিনদিন বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রেও কয়েকজনের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর দেশটি তার নাগরিকদের চীনা ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছে, বিশেষ করে উহান যেই প্রদেশে সেই হুবেই ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।
আরও কিছু দেশ জরুরি প্রয়োজন না হলে নাগরিকদের চীন ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে। কিছু দেশ উহানে আটকে পড়া তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নেয়ার পরিকল্পনা করছে। তবে চীনের বাইরে এখনো কারও মারা যাওয়ার খবর আসেনি।
