ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৫:০৫:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাদেশে মৃত্যুঝুঁকিতে দেড় লাখ শিশু: জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৩০ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আগামী দশক বাংলাদেশের জন্য নিয়ে আসতে পারে আতঙ্ক।  নিউমোনিয়া, ডায়রিয়াসহ বেশকিছু রোগে মারা যেতে পারে প্রায় ১ লাখ ৪০ হাজার শিশু। এমনটাই বলছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

বুধবার সংস্থাটির প্রকাশিত নতুন এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এদিন, স্পেনের বার্সেলোনায় আয়োজিত শিশুদের নিউমোনিয়া সংক্রান্ত প্রথম বিশ্বসম্মেলনে এই প্রতিবেদন প্রকাশিত হয়।

বিশ্বের নয়টি স্বাস্থ্য ও শিশু সংস্থার তথ্য উপাত্ত নিয়ে গবেষণাটি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। গবেষণাটি বলছে, বাংলাদেশে প্রতিবছর পাঁচ বছরের কম বয়সী অন্তত ১৩ শতাংশ শিশু মারা যায় নিউমোনিয়ায়। অপুষ্টি, বায়ুদূষণ, প্রতিষেধকের অভাব বাংলাদেশে নিউমোনিয়ার প্রকোপ বাড়াচ্ছে।

তাদের গবেষণার পূর্বাভাসে বলা হয়, শিশুদের স্বাস্থ্যসেবার মান বাড়ানো না হলে আগামী দশকে ১ লাখের বেশি পাঁচ বছরের কম বয়সী শিশু মারা যেতে পারে। যদিও শুধু নিউমোনিয়ার চিকিৎসাসেবার মান বাড়ানোর মাধ্যমে বাঁচানো যাবে প্রায় ৪৮ হাজার শিশুর জীবন।

গবেষণার পূর্বাভাসে আরো বলা হয়, একই সময়ে নিউমোনিয়া ছাড়াও অন্যান্য বড় ধরণের রোগ প্রতিরোধের মাধ্যমে ৯২ হাজার শিশুর জীবন বাঁচানো সম্ভব। এছাড়াও অপুষ্টিরোধ, সঠিক প্রতিষেধক প্রদান ও মায়ের বুকের দুধ পানের হার বাড়ানোর মাধ্যমে নিউমোনিয়ার প্রকোপ কমানো সম্ভব বলে জানানো হয়েছে গবেষণায়।

বার্সেলোনায় আয়োজিত সম্মেলনে উপস্থাপন করা ওই প্রতিবেদনে আরো বলা হয়, বেশির ভাগ ক্ষেত্রে নিউমোনিয়া প্রতিষেধক এবং স্বল্পমূল্যের অ্যান্টিবায়োটিক দিয়েই সেরে যায়। তবে এক বছরের কম বয়সী শিশুর ক্ষেত্রে প্রতিষেধক দেয়া সম্ভব হয়না বলে মৃত্যুঝুঁকি বেশি থাকে। এছাড়াও সুচিকিৎসার অভাব তো রয়েছেই। তবে বাংলাদেশে নিউমোনিয়ায় আক্রান্তের ঝুঁকিতে সবচেয়ে বেশি রয়েছে দরিদ্র এবং সুবিধাবঞ্চিত শিশুরা।

-জেডসি