ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৮:১২:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মসজিদে নারীর প্রবেশাধিকারে ভারতীয় সুপ্রিম কোর্টে আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪১ পিএম, ৩০ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইসলামি আইনে নারীদের মসজিদে যেতে কোনও বাধা নেই বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।বুধবার দেশটির সুপ্রিম কোর্টকে তারা জানায়, ইসলাম নারীদের মসজিদে যাওয়ার অনুমতি দিয়েছে। তবে পুরুষদের মতো জুমা কিংবা ঈদের নামাজ জামাতে পরার বাধ্যবাধকতা নেই।

ভারতে বর্তমানে জামাত-ই-ইসলামি এবং মুজাহিদ সম্প্রদায়ের মসজিদেই নারীদের প্রার্থনা করতে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, সংখ্যাগরিষ্ঠ সুন্নি মসজিদে প্রবেশের অনুমতি নেই নারীদের। এমনকি যে সব মসজিদে নারীরা প্রবেশাধিকার পান-ও, সেখানেও তাঁদের জন্য পৃথক প্রবেশদ্বারের বন্দোবস্ত রয়েছে। রয়েছে আলাদা প্রার্থনা করার জায়গা।

সুপ্রিম কোর্টের কাছে করা আবেদনে বলা হয়েছে, মসজিদে নারীদের ঢুকতে দেওয়া হয় না, যা বেআইনি এবং অসাংবিধানিক। কারণ এর জেরে নারীদের সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। নিজেদের দাবির সাপেক্ষে তারা কোরআন এবং হাদিস থেকেই উদাহরণ দিয়েছেন।

মসজিদে মুসলিম নারীদের প্রবেশাধিকার দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেন ইয়াসমিজ জুবের আহমেদ পিরজাদে এবং জুবের আহমেদ পিরজাদে। ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন নয় সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই মামলায় তার রায় শোনাবে। এই বেঞ্চ বিভিন্ন ধর্ম এবং ধর্মীয় স্থানে নারীদের প্রতি বৈষম্যের অভিযোগ সংক্রান্ত বিভিন্ন মামলার আইনি এবং সাংবিধানিক দিক খতিয়ে দেখছে। এই সাংবিধানিক বেঞ্চেই শবরীমালা মামলা চলছে।

মুসলিম পার্সোনাল ল’বোর্ড জানিয়েছে, নামাজ পড়ার জন্য মুসলিম নারীদের মসজিদে প্রবেশের ক্ষেত্রে কোনও ধর্মীয় বাধা নেই। তাঁরা মনে করলেই মসজিদে প্রবেশ করতে পারেন। তবে পুরুষদের ক্ষেত্রে মসজিদে গিয়ে শুক্রবারের নামাজ পড়া বাধ্যতামূলক। মুসলিম নারীদের ক্ষেত্রে এমন কোনও ধর্মীয় বাধ্যবাধকতা নেই। তারা চাইলে বাড়িতেও শুক্রবারের নামাজ পড়তে পারেন। এমনকি নারী পুরুষ একসঙ্গেই নামাজ পড়তে পারবেন।

-জেডসি