চাটমোহরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ
প্রকাশিত : ০৩:১১ পিএম, ২৫ আগস্ট ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০৩:১১ পিএম, ২৫ আগস্ট ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, পাবনা : পাবনার চাটমোহর উপজেলায় যৌতুকের দাবিতে ডলি খাতুন (৩৩) নামে দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর ডলির স্বামী মানিকসহ (৩৫) শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
থানা, গ্রামবাসী ও ডলির পারিবারিক সূত্রে জানা গেছে, বৃ-রায়নগর গ্রামের রজব আলীর ছেলে মানিকের সঙ্গে ২০০০ সালে তাড়াশ উপজেলার মালিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে ডলি খাতুনের বিয়ে হয়। তাদের ঘরে দুটি সন্তানও রয়েছে।
ডলির চাচা শফিকুল ইসলাম জানান, বিয়ের পর থেকেই ডলির স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন যৌতুক দাবিতে কারণে অকারণে ডলিকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।
তার অভিযোগ, এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে ডলিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিজানুর রহমান উইমেননিউজকে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
