ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৫:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্কুলের বনভোজনে গিয়ে ছাত্রীর মৃত্যু; পরিবারের দাবি হত্যা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ৩১ জানুয়ারি ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লার ম্যাজিক প্যারাডাইসে বনভোজনে গিয়ে লাশ হয়ে ফিরেছে লক্ষ্মীপুর জেলা শহরের ‘ইলেভেন কেয়ার একাডেমী’র শিক্ষার্থী ফৌজিয়া আফরিন সামিউন (৮)। সহপাঠী ও শিক্ষকরা বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে ম্যাজিক প্যারাডাইস থেকে তার মৃতদেহ নিয়ে বাড়ি ফেরেন।

নিহত ফৌজিয়া সদর উপজেলার পিয়ারাপুর গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। সে ইলেভেন কেয়ার একাডেমীর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, একাডেমী থেকে বৃহস্পতিবার সকালে ৫০ শিক্ষার্থী নিয়ে ম্যাজিক প্যারাডাইসে যায় কর্তৃপক্ষ। বিকাল ৩টার দিকে প্রধান শিক্ষকের ফোনে বাবার সাথে কথা হয় ফৌজিয়ার। কিন্তু, সন্ধ্যায় তার মৃত্যুর সংবাদ পান বাবা গিয়াস ও মা কানিজ ফাতেমা।

শিক্ষকরা জানান, বনভোজনের সময় প্যারাডাইস পার্কের একটি পুলে হাঁটু পরিমাণ পানিতে অন্য শিক্ষার্থীদের সাথে খেলাধুলা করে ফৌজিয়া। পরে ঠাণ্ডা লেগে তার খিঁচুনি দেখা দেয়, সে বমিও করে। এরপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়।

তার বাবা-মায়ের অভিযোগ, বনভোজনে যেতে দিতে না চাইলেও শিক্ষকরা জোর করে তাকে নিয়ে যান। দায়িত্বে অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।

এদিকে, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যরা আত্মগোপনে রয়েছে। তাদের মুঠোফোনও বন্ধ রয়েছে।এ ব্যাপারে প্রতিষ্ঠান প্রধান রিয়াজুল কবিরের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদোয়ান আরমান শাকিল জানান, বনভোজনে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হবে।

-জেডসি