চীন থেকে দেশে ফিরেছেন ৩১৬ জন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩০ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
চীন থেকে দেশে ফিরেছেন ৩১৬ জন
অবশেষে চীন থেকে দেশে ফিরেছেন ৩১৬ জন বাংলাদেশি। চীনে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় অবরুদ্ধ উহান শহর থেকে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে তাদের নিয়ে একটি বিশেষ বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে আজ স্থানীয় সময় ভোর পৌনে ৬টায় (বাংলাদেশ সময় সকাল পৌনে ৮টা) উহানের তিয়ানহি ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে ৩১৬ জন বাংলাদেশিকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং উড়োজাহাজ ঢাকার উদ্দেশে রওনা দেয়।
চীন থেকে আসা বাংলাদেশিদের মধ্যে ৩০১ জন প্রাপ্তবয়স্ক ও ১৫ জন শিশু রয়েছে।
সকালে বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার সংবাদ সংস্থা ইউএনবিকে জানান, বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বিজি ৭০০২ ফ্লাইট যোগে তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময়সূচি রয়েছে।
এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টায় ও আজ সকাল ৯টায় বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও চীন বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিংসহ নানা আনুষ্ঠানিকতার কারণে বিলম্ব হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) একজন কর্মকর্তা জানান, সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে ৩১৬ জন বাংলাদেশি নাগরিক ফিরে আসার ছাড়পত্র পেলেও শেষ মুহূর্তে দুজন যাত্রীর গায়ে জ্বর থাকায় তাদের অফলোড করা হয়।
