করোনাভাইরাস নিয়ে অতিরিক্ত ভয়-ভীতি ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র: চীন
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:০৬ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাস সম্পর্কে গোটা বিশ্বে যুক্তরাষ্ট্র অতিরিক্ত ভয়-ভীতি ছড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিন্গ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র করোনা ভাইরাস সম্পর্কে ব্যাপক ভয়-ভীতি ছড়িয়ে দিচ্ছে, কিন্তু দেশটি এখন পর্যন্ত পরিস্থিতি মোকাবেলা উল্লেখযোগ্য কোনো সহযোগিতা করেনি।
তিনি আরো বলেন, আমরা আশা করছি- আন্তর্জাতিক সমাজ এ বিষয়ে গঠনমূলক আচরণ করবে এবং বিজ্ঞান ভিত্তিক তথ্যের ওপর নির্ভর করবে। খবর-পার্সটুডে।
এর আগে, চীন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের নানা বক্তব্যের সমালোচনা করে এক্ষেত্রে মার্কিন আচরণের নিন্দা জানিয়েছে। বেইজিং বলেছে, যুক্তরাষ্ট্র এই ভাইরাস মোকাবেলায় চীনের ভূমিকার সমালোচনা করেছে যা অন্যায় এবং এই ধরণের আচরণ সদিচ্ছার নিদর্শন নয়।
সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী বলেছেন, চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগ এবং চাকরির ক্ষেত্র ফিরে আসবে।
প্রসঙ্গত, প্রাণঘাতি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৩৬১ জনে দাঁড়িয়েছে। এছাড়া অন্তত ১৭ হাজার ২০০ জন আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের আশঙ্কায় পর্যবেক্ষণে রয়েছেন দেড় লাখেরও বেশি মানুষ।চীনের বাইরে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ফিলিপাইনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির বয়স ৪৪। সম্প্রতি তিনি উহান থেকে ফিরেছেন।
ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ চীন থেকে যাওয়া যাত্রীদের আগমন নিষিদ্ধ করেছে। অন্যদিকে চীন ফেরত নাগরিকদের কোয়ারেন্টাইন করা হচ্ছে অনেক দেশে।
-জেডসি
