ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ৩:২০:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চীন থেকে আর কাউকে দেশে আনা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীন থেকে আর কাউকে দেশে ফেরত আনা হবে না বলে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, চীন থেকে কেউ আসতে চাইলে তাদের নিরুৎসাহিত করা হচ্ছে। যারা ছুটিতে চীনে গেছেন এই মুহূর্তে তাদের আপাতত ভিসা দেয়া বন্ধ রাখা হয়েছে।

করোনা ভাইরাস ইস্যুতে বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, চীন থেকে আর কাউকে ফেরত আনা হবে না। তবে কেউ অসুস্থ হলে সে দেশেই চিকিৎসা নেয়ার পরামর্শ দেন তিনি।

চীনে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরতে নিরুৎসাহিত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আত্মীয়স্বজন ও দেশের স্বার্থে উহানসহ চীনের করোনাভাইরাস আক্রান্ত এলাকায় থাকা বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরতে নিরুৎসাহিত করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এখনও করোনাভাইরাসে আক্রান্ত কাউকে শনাক্ত করা হয়নি। হাসপাতাল, চিকিৎসক, নার্স প্রস্তুত। করোনাভাইরাস দেখা দিলে তা ছড়িয়ে যাওয়া রোধে সব প্রস্তুতি নেয়া হয়েছে।

চীনা নাগরিকদের সম্পর্কে তিনি বলেন, চীনা নাগরিকদের বাংলাদেশে আসতে হলে ভিসা নেয়ার পাশাপাশি মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে। এ ছাড়া অনঅ্যারাইভ্যাল ভিসা বন্ধ করা হয়েছে সাময়িক সময়ের জন্য।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চায়না থেকে যারা ভিসা নিয়ে আসবে তাদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দিতে হবে। গত কয়েক দিনে সাড়ে ৭ হাজার চীনা নাগরিক এসেছে। তারা নিজ দায়িত্বে নিজেদের পর্যবেক্ষণে রয়েছেন।

দেশের কোথাও চীনা নাগরিক অসুস্থ হলে তা সিভিল সার্জন বা স্থানীয় প্রশাসনকে জানানোর পরামর্শও দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। একই সঙ্গে দেশে কেউ আক্রান্ত হলে তাদের চিকিৎসায় সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় মাস্ক ব্যবহারের বিষয়ে তিনি বলেন, সুস্থ ব্যক্তির এ মুহূর্তে মাস্ক পরার কোনো প্রয়োজন নেই।

এছাড়া চীন থেকে ফেরত আনা ৩১২ জন বাংলাদেশি নাগরিকদের আশকোনা হজ ক্যাম্প থেকে ১৪ ফেব্রুয়ারি ছেড়ে দেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই করোনাভাইরাসে এ পর্যন্ত ৫৬৪ জনের মৃত্যু হয়েছে।

-জেডসি