উহানে মার্কিন ও জাপানি নাগরিকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:০৬ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
উহানে মার্কিন ও জাপানি নাগরিকের মৃত্যু
সারা বিশ্বে আতঙ্ক ছড়ানো মরণঘাতি করোনাভাইরাসের আক্রমণে চীনের উহান শহরে যুক্তরাষ্ট্র ও জাপানি নাগরিকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার বেইজিংয়ে অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিবৃতির বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকের মৃত্যুর সংবাদ প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা ‘এএফপি।
মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেন, ‘গত বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত ৬০ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এক নাগরিক চীনের উহান শহরের একটি হাসপাতালে মারা গেছেন। আমরা মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ওই পরিবারের নিরাপত্তা রক্ষার্থে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না।’
এদিকে, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ‘কিয়াদো নিউজ’ এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস আক্রান্ত এক জাপানি নাগরিক চীনের উহান শহরের একটি হাসপাতালে মারা গেছেন।
এখন পর্যন্ত মহামারী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৭২৪ জন। এ ছাড়া বিশ্বব্যাপী প্রায় সাড়ে ৩৪ হাজার মানুষের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
