পাকিস্তান-ভারত সংলাপ হবে কেবল সন্ত্রাসবাদ বিষয়েই : সুষমা
প্রকাশিত : ০৪:৫৪ এএম, ২৩ আগস্ট ২০১৫ রবিবার | আপডেট: ০৪:৫৪ এএম, ২৩ আগস্ট ২০১৫ রবিবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : ভারত ও পাকিস্তানের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) পর্যায়ের বৈঠকের আগে আজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সাফ জানিয়ে দিয়েছেন আলোচনা অনুষ্ঠিত হবে কেবল সন্ত্রাসবাদ বিষয়েই।
হুররিয়াত প্রসঙ্গে তিনি বলেন, ‘যে কথাবার্তাই হোক না কেন তাতে কোনো তৃতীয় পক্ষ থাকবে না।’
তিনি বলেন, ‘সিমলা চুক্তি অনুযায়ী কাশ্মির নিয়ে আলোচনা শুধু দুই দেশের মধ্যেই হবে এবং এরমধ্যে কোনো তৃতীয় পক্ষ থাকবে না।’
সুষমা বলেন, ‘হুররিয়াত কখনোই তৃতীয় পক্ষ হতে পারে না’- বলেও তিনি সাফ জানান।
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি কাউকে তৃতীয় পক্ষ করবেন না, আপনাকে স্বাগত।
আজ দুপুরে ইসলামাবাদে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ সাংবাদিক সম্মেলনে জানান, আলোচনায় কাশ্মির ইস্যু তোলা হবে।
জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, ‘এটা হবে না, সংলাপ শুধু সন্ত্রাসবাদ প্রসঙ্গেই অনুষ্ঠিত হবে।’
সুষমা বলেন, উফা সমঝোতায় ঠিক হয়েছিল আলোচনা প্রথমে সন্ত্রাসবাদ ইস্যুতে হবে। পরে অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা হবে।
তিনি বলেন, ‘উফায় অনুষ্ঠিত দুই দেশের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ প্রসঙ্গে সহমতে পৌঁছেছিলেন। কিন্তু এখন পাকিস্তান সেই কথা থেকে সরে যাচ্ছে।’
তিনি বলেন, ‘উফায় আলোচনা হওয়ার পর থেকে এ পর্যন্ত সীমান্তে ৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, তা সত্ত্বেও ভারত আলোচনার জন্য তৈরি রয়েছে।’
এদিকে, আজই কাশ্মির থেকে দিল্লীতে আসা হুররিয়াত নেতা সাবির শাহকে গ্রেফতার করা হয়েছে। আগামী ২৩-২৪ আগস্ট দুই দেশের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হুররিয়াত নেতাদের আগেই দিল্লীর পাকিস্তান দূতাবাসের পক্ষ থেকে পাক জাতীয়ে নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজের সঙ্গে বৈঠকে বসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ পেয়ে সাবির শাহ আজ দিল্লী আসতেই তাকে গ্রেফতার করা হলো।
সব মিলিয়ে বহুল আলোচিত এনএসএ পর্যায়ের বৈঠক নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। 