তোমার হাতে জয়ের নিশান
প্রকাশিত : ১১:২১ এএম, ১৮ ডিসেম্বর ২০১৩ বুধবার | আপডেট: ১১:১০ এএম, ২২ ডিসেম্বর ২০১৩ রবিবার
ছড়া//তোমার হাতে জয়ের নিশান
/সিকদার নাজমুল হক
/সারাটা দিন ঘরে বসে সময় তোমার কাটে, /ইচ্ছে হলে কখনোবা শুয়ে থাকো খাটে। /রোজ সকালে তোমার চুলে রোদ্র কাটে বিলি, /দেখো তুমি গাছের পাতায় আলোর ঝিলিমিলি। /দুপুর আসে ব্যস্ত সবাই, নিঝুম সারা পাড়া, /তখন তোমার ভাবনাগুলো কেমন দিশেহারা। /অনেক দূরে মাঠের দিকে তাকিয়ে তুমি থাকো, সারা দুপুর আপন মনে স্বপ্নছবি আঁকো। হলুদ রঙের রোদ্র ঝরে স্নিগ্ধ বিকেল বেলা, জানালাতে তাকিয়ে দেখো কানামাছি খেলা। যে যার মতো নানান খেলায় সবাই থাকে মেতে, তখন তোমার ইচ্ছে করে বাইরে ছুটে যেতে, হয়না যাওয়া, বন্ধ এখন সকল চলাফেরা, ইচ্ছেগুলো তোমার যেনো কান্না দিয়ে ঘেরা।
মনে পড়ে, রাত্রি তখন খুব ছিল ঘুটঘুটে, গভীর রাতে কোথায় তুমি পালিয়ে গেলে ছুটে। একেক করে দিন কেটে যায় কেমন ধীরে ধীরে, বাড়ি থেকে সেই যে গেলে, আর এলে না ফিরে। চোখ পাকিয়ে দলে দলে কারা এলো গাঁয়ে, হরেক রকম অস্ত্র হাতে ভারি জুতো পায়ে। ঘরে ঘরে চলে তখন কেমন ভীষণ হানা, কিচ্ছুতে কি শোনে ওরা একটু কারো মানা? সারা বাড়ি জ্বলে আগুণ সবকিছু যায় পুড়ে, কালো ধোঁয়া চারপাশে খুব বেড়ায় উড়ে উড়ে। দারুণ জোরে শব্দ করে ফাটে বারুদগোলা, কান্না ভাসে হাওয়ায় হাওয়ায়-যায়না মোটে ভোলা। শত্রুসেনা তাড়া করে তুমি ফিরে এলে, পা হারিয়ে পথের ওপর রক্ত দিলে ঢেলে। এখন তোমার সময় কাটে শুয়ে বসে ঘরে, সারা বেলা অনেক অনেক স্মৃতি মনে পড়ে। জন হারালাম, তবু আমার নেই কোনো ভয় আর, তোমার হাতে জয়ের নিশান পেলাম উপহার।