প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় ছাত্রীর গাল ও হাতের রগ কেটে দিল বখাটে
প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২৩ আগস্ট ২০১৫ রবিবার | আপডেট: ১২:৪৪ পিএম, ২৩ আগস্ট ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রীর গাল ও হাতের রগ কেটে দিয়েছে এক বখাটে। ২২ আগস্ট শনিবার রাতে শ্রীপুর উপজেলার বরমী পাঠানটেক এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বখাটের নাম সুজন মিয়া (২০)। পুলিশ এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরদর্শন করেছে। তবে মামলা না হওয়ায় বখাটের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না।
আহত কিশোরী স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।
আহতের মা জানান, পাশের বেলদিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে সুজন মিয়া (২০) গত এক মাস ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। তার মেয়ে এতে রাজি হয়নি। ঘটনার রাতে মেয়ের বাবা সিএনজি স্কুটার নিয়ে কাজে যায়। আমি আমার অসুস্থ বোনকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজে যাই। এসময় খালাতো বোনকে সঙ্গে নিয়ে বাড়িতে ঘুমাচ্ছিল তার মেয়ে । এ সুযোগে বখাটে সুজন দরজা ভেঙে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার মেয়ের দুই গাল ও হাতের রগ কেটে ফেলে। বাধা দিলে তাকে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। তার মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটে সুজন পালিয়ে যায়। স্থানীয়রা তার মেয়েকে উদ্ধার করে প্রথমে শ্রীপুরের একট হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। বখাটে যুবককে পাওয়া যায়নি। ছাত্রীর পরিবার থেকে অভিযোগ করা হলে মামলা করা হবে। 