ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১১:১২:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভাইরাস শনাক্তকারী মেশিন বাংলাদেশকে দেবে দ. কোরিয়া

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতি করোনাভাইরাস আতঙ্কে জর্জরিত সারা বিশ। যদিও এখন পর্যন্ত বাংলাদেশে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। তবে যে কোনো ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করতে পারে, বাংলাদেশকে বিনামূল্যে এমন স্ক্যানার মেশিন দেবে দক্ষিণ কোরিয়া।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিং করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

করোনাভাইরাস নিয়ে মন্ত্রিসভা বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা নিয়ে আমরা রেগুলার আলাপ-আলোচনা করছি। আজকে এটা নিয়ে স্পেসিফিক আলোচনা হয়নি। গতকাল আলোচনা হয়েছে, গত বৃহস্পতিবারও আলোচনা হয়েছে। এটা নিয়ে আমরা এখনও কনসার্ন আছি।’

তিনি বলেন, ‘রিসেন্টলি কোরিয়া থেকে একটা স্ক্যানিং সিস্টেম অ্যাওয়ার্ড করা হচ্ছে। গত বুধবার দিন এটা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের হোম মিনিস্টার (স্বরাষ্ট্রমন্ত্রী) সাহেব এটা বলেছেন। ওনার কাছে একটা অফার এসেছে।’

‘এটা আরও মোডিফাইড জিনিস, যে কোনো ভাইরাস থাকলে ওটার মধ্য দিয়ে গেলেই ধরা পড়বে। আমাদের যে সিস্টেম আছে সেটাও থাকবে, ওটা থাকবে ইন ইডিশন। এটা আরও সিকিউরড।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘তারা এমনিতেই এটা (স্ক্যানার মেশিন) আমাদের দেবে। টেস্ট কেস হিসেবে আমাদের দিচ্ছে। আমাদের সবগুলো এয়ারপোর্টেই তারা দেবে।’

খন্দকার আনোয়ারুল বলেন, ‘এটা কোরিয়ান টেকনোলজি, তারা এটা আবিস্কার করেছে। তারা বলছে, এটা দিয়ে যে কোনো ভাইরাসসহ কেউ আসলেই ধরা পড়বে।’

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো ধরা পড়ে প্রাণঘাতি করোনাভাইরাস। এখন পর্যন্ত এটি বিশ্বের অন্তত ২৮টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু।

-জেডসি