ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১২:৫৬:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাকিব হত্যায় তিন জনকে অভিযুক্ত করে চার্জশিট

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ২৫ আগস্ট ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০৩:৪৩ পিএম, ২৫ আগস্ট ২০১৫ মঙ্গলবার

images স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, খুলনা : গ্যারেজ মালিক মো. শরীফ, তার মা বিউটি বেগম এবং শরীফের দূর সম্পর্কের চাচা মিন্টু মিয়াকে আসামি করে খুলনায় শিশু রাকিব হাওলাদার হত্যা মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক কাজী মোস্তাক আহমেদ মঙ্গলবার দুপুরে খুলনার মুখ্য মহানগর হাকিম এল এম ডি মেছবাহ উদ্দিনের আদালতে অভিযোগপত্র জমা দেন। গত ৩ অাগস্ট বিকালে খুলনা শহরের টুটপাড়া কবরখানা এলাকায় শরীফ মোটর্সে মলদ্বারে কম্প্রেসার মেশিনের পাইপের মাধ্যমে হাওয়া ঢুকিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় ১২ বছরের রাকিবকে। হত্যাকাণ্ডের পরপরই ওয়ার্কশপ মালিক শরীফ (৩৫) ও মিন্টুকে (৪০) গণপিটুনি দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী। শরীফের মা বিউটি বেগমকেও (৫৫) আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত রাকিবের বাবা নুরুল আলম হাওলাদার। গ্রেপ্তারের পর তিন আসামিই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া জবানবন্দি দিয়েছেন চার সাক্ষী নাদিম হাসান শাহীন, রবিউল ইসলাম, সুমন ও সেলিম হাওলাদার। রাকিবের মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, মলদ্বার দিয়ে কম্প্রেসার মেশিনের মাধ্যমে দেওয়া বাতাসের চাপে ওই কিশোরের পেটের ভেতরের নাড়ি, মলদ্বার, প্রসাবের থলি ফেটে যায়। এছাড়া পেটের ভেতরে অতিমাত্রায় রক্তক্ষরণ হয় এবং তা ছড়িয়ে পড়ে। রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়।