ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১২:৫৫:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চার দেশীয় সড়ক চার লেন করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ২৫ আগস্ট ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০৩:৪৮ পিএম, ২৫ আগস্ট ২০১৫ মঙ্গলবার

PM_bg_866871108 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,  ঢাকা : মায়ানমার, চীন, থাইল্যান্ডসহ দক্ষিণ এশিয়ার সঙ্গে সড়ক পথে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সীমান্ত ঘুমধুম থেকে মায়ানমার সীমান্তের টাংব্রো ভূমিতে দুই কিলোমিটার সড়ক নির্মাণ করবে বাংলাদেশ। এই দুই কিলোমিটার সড়ক চার লেনে নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভা সূত্র জানায়, বাংলাদেশ সীমান্ত ঘুমধুম থেকে মায়ানমার সীমান্তের টাংব্রো ভূমিতে দুই কিলোমিটার সড়ক দুইলেনে নির্মাণের জন্য একনেকে প্রস্তাব করা হয়। এরপর প্রধানমন্ত্রী এই সড়ককে চারলেনে নির্মাণের নির্দেশ দেন। একই সঙ্গে বাংলাদেশ ও মায়ানমার সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে বাংলাদেশের অর্থায়নে ৪৫ মিটারের একটি ব্রিজও তৈরি করা হবে। এই ব্রিজও চার লেনে নির্মাণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, ছয় হাজার ৫শ ৫৩ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর আগারগাঁও এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। অনুমোদন প্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৯শ ৪৭ কোটি, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৭ কোটি ৫৮ লাখ ও প্রকল্প সহায়তা তহবিল থেকে ২ হাজার ৫শ ৮৭ কোটি ৫২ লাখ টাকা ব্যয় করা হবে। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফাকামাল সাংবাদিকদের জানান, ৬ হাজার ৫শ ৩৩ কোটি ১ লাখ টাকা ব্যয়ে মোট ৫টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৯শ ৪৭ কোটি ৬৪ লাখ টাকা। এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৭ কোটি ৮৫ লাখ এবং বৈদেশিক সাহায্য থেকে ২ হাজার ৫শ ৮৭ কোটি ৫২ লাখ সঙ্কুলান করা হবে।