তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে শিশুসহ নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:২৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
তুরস্কের সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্পের আঘাতে শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন। দেশটির সরকারি সূত্র এই তথ্য জানিয়ে বলেছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ মাত্রার দশমিক ৭।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সৌলু বলেন, রোববার সকালের দিকে আঘাত হানা ওই ভূমিকম্পে নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। শক্তিশালী এই ভূমিকম্পে প্রায় এক হাজার ৬৬টি ভবন ধসে পড়েছে। খবর আল-জাজিরার।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করেছে। অনুসন্ধান এবং উদ্ধার প্রচেষ্টা শুরু হয়েছে।
ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ইরান-তুরস্ক সীমান্তে আঘাত হানা ওই ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। এটির গভীরতা ছিল ৫ কিলোমিটার।
তুরস্কের সরকারি সম্প্রচার মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ভূমিকম্পে ৪৩টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বলছে, ক্ষয়ক্ষতি তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করছে। এছাড়া তুরস্কের ভান শহরেও ভবন ধসের ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত, তুরস্কে ভূমিকম্প প্রায়ই হয়ে থাকে। দেশটির পশ্চিমের শহর ইজমিতে ১৯৯৯ সালে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ নিহত হয়।
-জেডসি
