দিনাজপুরে হাত-পা বেঁধে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ
প্রকাশিত : ০৭:৩৮ এএম, ২৮ আগস্ট ২০১৫ শুক্রবার | আপডেট: ০৭:৩৮ এএম, ২৮ আগস্ট ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, দিনাজপুর : দিনাজপুরে এক গৃহবধূকে হাত-পা বেঁধে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করা হয়েছে অভিযুক্ত বখাটেদের বিরুদ্ধে। তবে, এখনো কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ও নারী আন্দোলন কর্মীরা। অবশ্য, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।
নির্যাতিতার স্বজনদের অভিযোগ, গত ২৫ আগস্ট সন্ধ্যায় চিরিরবন্দর উপজেলার ওই গৃহবধূকে, বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় স্থানীয় বখাটে সহিদুল, মঞ্জুরুল ও রকিবুল। এরপর, বাড়ির পাশের একটি পুকুর পাড়ে নিয়ে হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করা হয়। পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে পালিয়ে যায় বখাটেরা। খবর পেয়ে, তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
ডাক্তারি পরীক্ষায়ও ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে চিকিৎসক।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্টার ডা. সীমা বসাক বলেন, 'বুকে এবং হাতের সামনের দিকে অনেকগুলো টিআর ও অ্যাব্রেসন ছিল। রোগীর ভাষ্যমতে এবং আমাদের পরীক্ষার ফলাফলে এগুলোই পেয়েছি।'
এ অবস্থায়, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নারী নেত্রীরা।
দিনাজপুর মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান বলেন, 'এটি জঘন্য অপরাধ। আমরা অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চাই।'
এদিকে, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।
দিনাজপুর চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান উইমেননিউজকে বলেন, 'এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বা জড়িত যারা তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এবং অতি দ্রুত আমরা তাদেরকে গ্রেফতার করে আইনের দোরগোড়ায় পৌঁছে দেব।'
এ ঘটনায় ২৬ আগস্ট সহিদুল, মঞ্জুরুল ও রকিবুলের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় একটি মামলা করেন নির্যাতিতার স্বামী। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত বখাটেরা পলাতক রয়েছে। 