ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৭:০৯:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ সন্ধ্যায় খালেদার সংবাদ সম্মেলন

প্রকাশিত : ০৯:৩৫ এএম, ২৪ ডিসেম্বর ২০১৩ মঙ্গলবার | আপডেট: ০৯:৩৫ এএম, ২৪ ডিসেম্বর ২০১৩ মঙ্গলবার

Khelada Zia_pic 3স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা : বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আজ মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবেন৷ সন্ধ্যা পৌনে ছয়টায় তার গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে৷ চলমান রাজনৈতিক সংকট ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে করবেন তিনি৷ জানা গেছে, সংবাদ সম্মেলনের কী কী বলা যায়, তা নিয়ে খালেদা জিয়া তাঁর দল, জোটের কয়েকজন শীর্ষ নেতা এবং বিএনপি-সমর্থক বুদ্ধিজীবীদের পরামর্শ নিয়েছেন৷ তবে এসব পরামর্শই চূড়ান্ত নয়৷ সূত্র মতে, আজকের সংবাদ সম্মেলনে সমঝোতার মাধ্যমে দশম সংসদ নির্বাচনের জন্য শেষবারের মতো সরকারের প্রতি আহ্বান জানাতে পারেন বিরোধীদলীয় নেতা৷ ৫ জানুয়ারির নির্বাচন বন্ধ করে, সংবিধানের মধ্যে থেকে সংসদ ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে সবার অংশগ্রহণে একটি নির্বাচন করার আহ্বান থাকতে পারে তাঁর বক্তব্যে৷ দাবি মানতে সরকারকে একটি সংক্ষিপ্ত সময়সীমা দিয়ে চূড়ান্ত আন্দোলনের ঘোষণাও দেওয়া হতে পারে৷ প্রধানমন্ত্রীসহ সরকারের পক্ষ থেকে একাদশ সংসদ নির্বাচন নিয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তার জবাবও থাকবে বিএনপির চেয়ারপারসনের বক্তব্যে৷ জাতিসংঘের মধ্যস্থতায় দুই দলের সংলাপের বিষয়টি তুলে ধরে সংলাপ ব্যর্থ হওয়ার জন্য সরকারের 'একগুঁয়েমি'কে দায়ী করে বক্তব্য রাখতে পারেন খালেদা জিয়া৷ সেই সঙ্গে বিএনপি সব সময় সংলাপের বিষয়ে আন্তরিক ছিল, এমনটি তুলে ধরার চেষ্টাও থাকতে পারে৷ এছাড়া আগামী দিনে ১৮দলীয় জোটের কর্মসূচি কোন দিকে যাবে, সে সম্পর্কেও বক্তব্য তুলে ধরবেন৷ নির্বাচন এবং সরকারের কাজে সহযোগিতা না করতে সরকারি কর্মকর্তা, কর্মচারিসহ জনগণকে পুনরায় আহ্বান ও সেনাবাহিনীকে জনগণের মতের বিপক্ষে না দাঁড়ানোর জন্যও বলবেন তিনি৷ 'জাতীয় ও আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য' নির্বাচন প্রতিহতের ডাকও থাকতে পারে তাঁর বক্তব্যে৷ আজকের সংবাদ সম্মেলন থেকে নতুন ধরনের কর্মসূচি দেওয়া হতে পারে৷ নির্বাচন প্রতিহত করতে ভোটের দিন গণকারফিউ দেওয়া হতে পারে৷ গণকারফিউ হলো জনগণ ভোটের দিন ঘরে বসে থাকবে৷ তারা ভোটকেন্দ্রে যাবে না৷ এ ছাড়া নেতা-কর্মী ও সাধারণ জনগণকে মাঠে নামারও আহ্বান জানাবেন খালেদা জিয়া৷ গত ২৫ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে বিএনপি চেয়ারপারসন প্রধান অতিথির বক্তব্য দেন৷ এরপর গত দুই মাসে তিনি নিজের বাসায় দেশি-বিদেশি ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়, সৌজন্যসাক্ষাত বা বৈঠক করেছেন৷ কখনো কখনো গুলশান কার্যালয়ে দলের জ্যৈষ্ঠ নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন৷ কিন্তু জনসম্মুখে বা গণমাধ্যমের সামনে তিনি আর হাজির হননি৷ গত ২১ অক্টোবর তিনি সর্বশেষ সংবাদ সম্মেলন করেন৷ ২৪ ডিসেম্বর ২০১৩