ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ২০:০৩:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নতুন করে দুই করোনা আক্রান্তের খোঁজ মিলল ভারতে

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১১ পিএম, ২ মার্চ ২০২০ সোমবার

করোনাভাইরাস প্রতিরোধে ওষুধ তৈরি চলছে চীনে। ছবি: এএফপি।

করোনাভাইরাস প্রতিরোধে ওষুধ তৈরি চলছে চীনে। ছবি: এএফপি।

এবার দিল্লি এবং তেলঙ্গানায় করোনাভাইরাস আক্রান্তের খোঁজ মিলল। এই নিয়ে ভারতে মোট পাঁচ জন আক্রান্তের খোঁজ পাওয়া গেল। তাদের দুজনকেই হাসপাতালে পর্যবেক্ষণে রাখা রয়েছে। তাদের মধ্যে যিনি দিল্লির বাসিন্দা, তিনি সম্প্রতি ইতালিতে গিয়েছিলেন। আর তেলঙ্গানার বাসিন্দা ওই ব্যক্তি দুবাই থেকে ফিরেছেন।

দিল্লি এবং তেলঙ্গানায় দু’জন আক্রান্তের খোঁজ পাওয়ার পরই সমস্ত ভারতীয়দের বিশ্বের পাঁচটা দেশ এড়িয়ে চলতে বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

আজ সোমবার তিনি বলেছেন, ‘ভারতীয়রা যেন চিন, ইরান, কোরিয়া, সিঙ্গাপুর এবং ইতালিতে বিশেষ প্রয়োজন ছাড়া ভ্রমণ না করেন। পরিস্থিতি অনুযায়ী অন্যান্য দেশেও ভ্রমণের উপর সতর্কতা জারি করা হবে।’

পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের ২১টি বিমানবন্দর, ১২টি সমুদ্রবন্দর এবং ৬৫টি ছোট সমুদ্রবন্দরের সমস্ত যাত্রীদের চেক-আপ করা শুরু হয়েছে। চেক-আপের পর সংগ্রহ করা ২৩টি নমুনা হাসপাতালে পাঠানো হয়েছে।

ভারতে করোনাভাইরাসের প্রথম আক্রান্তের খোঁজ মেলে কেরলে। চীন ফেরত তিনজন ছাত্রের শরীরে এই ভাইরাস মিলেছিল। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসার পর ছাড়া পেয়েছেন তারা।

ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বিশ্বব্যাপী ৩ হাজার ছাড়িয়েছে। ৬০টি দেশ থেকে আক্রান্তের খবর পাওয়া গেছে, ৮৮ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়ে পড়েছে।