দিল্লি : নির্ভয়া মামলায় ফের স্থগিত হল ফাঁসি
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৪৫ এএম, ৩ মার্চ ২০২০ মঙ্গলবার
নির্ভয়া মামলায় ফের স্থগিত হয়ে গেল ফাঁসি
শেষ মুহূর্তে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন। তার জের ধরে দিল্লির নির্ভয়া মামলায় অপরাধীদের ফাঁসি ফের পিছিয়ে গেল। এই নিয়ে পরপর তিনবার মৃত্যু পরোয়ানা জারি হওয়ার পরেও ফাঁসি পিছোল।
আজ মঙ্গলবার ফাঁসি হচ্ছে কি হচ্ছে না, তা নিয়ে গতকাল সোমবার টানটান উত্তেজনার সাক্ষী ছিল সুপ্রিম কোর্ট ও দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। দিনের শেষে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট ফাঁসি স্থগিত রেখেছে। কারণ, পবন গুপ্তের প্রাণভিক্ষার আবেদন এখন রাষ্ট্রপতির টেবিলে।
নির্ভয়ার পরিবার আপত্তি তুলে বলেছিল, আইনের ফাঁকফোকরের সুযোগ নিয়েই শেষ বেলায় প্রাণভিক্ষার আবেদন জানাচ্ছে অপরাধীরা। কিন্তু বিচারক বলেন, ‘আমার মতে, প্রাণভিক্ষার আর্জির সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর করা যায় না। ৩ মার্চ সকাল ৬টায় নির্ধারিত মৃত্যু পরোয়ানা চারজনের জন্যই পরবর্তী নির্দেশ পর্যন্ত পিছিয়ে দেওয়া হল।’
এই রায়ের পরে নির্ভয়ার মা আশাদেবী ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘আমি সাত বছর ধরে লড়াই করছি। কিন্তু সরকার,
সুপ্রিম কোর্ট, পাটিয়ালা কোর্ট তামাশা দেখছে।’
আজ ভোর ছ’টায় তিহাড় জেলে নির্ভয়া মামলার চার অপরাধী—মুকেশ সিংহ, অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত ও বিনয় শর্মার— ফাঁসির পরোয়ানা জারি করেছিল পাটিয়ালা হাউস কোর্ট। কিন্তু রায় সংশোধনের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দায়ের করে অন্যতম অপরাধী পবন গুপ্ত। তার আর্জি ছিল, ফাঁসির বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। একই সঙ্গে পবন গুপ্ত ও অক্ষয় ঠাকুরের আইনজীবীরা ফাঁসি পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে পাটিয়ালা হাউস কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
